সিলেট নিউজ বিডি ডেস্কঃ নতুন সরকারের প্রথম মন্ত্রিসভাতেই ওয়েজবোর্ড বাস্তবায়নের প্রস্তাবিত মন্ত্রিসভা কমিটি অনুমোদন দেওয়ায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। মঙ্গলবার (২২ জানুয়ারি) বিকেলে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিক সংগঠনগুলোর নেতৃবৃন্দের সঙ্গে বৈঠকে তিনি প্রধানমন্ত্রী প্রতি কৃতজ্ঞতা জানান।
তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, ‘নবম ওয়েজবোর্ড দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে নতুন সরকার গঠিত হবার পর থেকেই কাজ করে চলেছি। নতুন সরকারের প্রথম মন্ত্রিসভাতেই ওয়েজবোর্ড বাস্তবায়নের জন্য মন্ত্রিসভা কমিটি গঠনের প্রস্তাব এবং এর অনুমোদনই তার প্রমাণ’।
তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সরকার গণমাধ্যমবান্ধব সরকার এবং সরকারের নেতৃত্বেই দেশে গণমাধ্যমের অভূতপূর্ব বিকাশ সাধিত হয়েছে। এর সাথে গণমাধ্যমকর্মী সংখ্যাও ব্যাপক বৃদ্ধি পেয়েছে। নবম ওয়েজবোর্ডের মাধ্যমে সংবাদপত্র মাধ্যমে কর্মরত সকলে যাতে উপকৃত হন সেটিই এ সরকারের লক্ষ্য। টেলিভিশন মাধ্যমে কর্মরতদের ওয়েজবোর্ডে অন্তর্ভুক্তির সম্ভাবনার বিষয়টিও আমরা আলোচনায় রেখেছি’।
প্রধানমন্ত্রীর অনুমোদনক্রমে সেতুমন্ত্রী, কৃষিমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, তথ্যমন্ত্রী, শিল্পমন্ত্রী, সংস্কৃতি প্রতিমন্ত্রী ও শ্রম প্রতিমন্ত্রী সমন্বয়ে গঠিত সাত সদস্যের এই কমিটি দ্রুত ওয়েজবোর্ড বাস্তবায়নের লক্ষ্যে কাজ করবে। নতুন সরকার গঠনের পর পূর্বের মন্ত্রিসভা কমিটি দিয়ে কাজ করা যায়না বিধায় নতুন কমিটি গঠনের প্রয়োজনীয়তা দেখা দেয়। ওয়েজবোর্ড সংক্রান্ত নতুন মন্ত্রিসভা কমিটির গেজেট প্রকাশের পর আজকের সভায় আলোচিত বিষয়গুলো কমিটির কাছে উত্থাপন করা হবে বলে জানান তিনি।
তথ্যসচিব আবদুল মালেকের সঞ্চালনায় মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ আজহারুল হক, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোল্লা জালাল, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু জাফর সূর্য, সংগঠনদ্বয়ের সাধারণ সম্পাদক যথাক্রমে শাবান মাহমুদ ও সোহেল হায়দার চৌধুরী, বাংলাদেশ সংবাদপত্র কর্মচারী ফেডারেশনের সভাপতি মতিউর রহমান, মহাসচিব মোঃ খায়রুল ইসলাম, বাংলাদেশ ফেডারেল ইউনিয়ন অভ নিউজপেপার প্রেস ওয়ার্কার্স সভাপতি মোঃ আলমগীর হোসেন খান, মহাসচিব মোঃ কামাল উদ্দিন, বাংলাদেশ সংবাদপত্র পরিষদের আহ্বায়ক গোলাম কিবরিয়াসহ তথ্য মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ বৈঠকে উপস্থিত ছিলেন।
Sylhetnewsbd Online News Paper