সিলেট নিউজ বিডি নিজস্ব প্রতিবেদক,বড়লেখা: মৌলভীবাজারের বড়লেখা থানা পুলিশের অভিযানে জুয়ার আসর থেকে ১২ জুয়াড়িকে আটক করেছে পুলিশ।
সোমবার (২১ জানুয়ারি) দিবাগত রাতে গোফন সংবাদের ভিত্তিতে তালিমপুর ইউনিয়নের টেকাহালী গ্রামের জনৈক নজরুল ইসলামের বাড়ির পেছনের বাগানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
এ সময় তাদের কাছ থেকে জুয়া খেলার ১০৪টি তাস, ১৩টি গুটি (ঘাপলা) ও ৭৮৮৫ টাকা উদ্ধার করেছে পুলিশ।
আটককৃতরা হলেন- টেকাহালী গ্রামের আব্দুল হাকিমের ছেলে মো. নজরুল ইসলাম (৪৩), আব্দুস সহিদের ছেলে নিজাম উদ্দিন (৩৫), শাহজাহান মিয়ার ছেলে কবির (৩৫), ময়না মিয়ার ছেলে তাজুল ইসলাম (৪০), মহদিকোনা গ্রামের আলী হোসেনের ছেলে আব্দুল হক (৩১), আইনুল্লার ছেলে দুলাল (৩৯), ইসমাইল আলীর ছেলে ওয়াহিদ (২৫), আইনুদ্দিনের ছেলে হারি আহমদ (২৫), ছত্তার আলীর ছেলে মনু মিয়া (৪৭), আব্দুল মান্নানের ছেলে আব্দুস সামাদ (৩৫), পশ্চিম গোপালপুর গ্রামের জামাল উদ্দিনের ছেলে আব্দুল আহাদ (২৭) ও বি-বাড়িয়া জেলার নাসিরনগর থানার আফজাল মিয়ার ছেলে ইদন মিয়া (৩৫)।
এই ঘটনায় বড়লেখা থানায় জুয়া আইনে মামলা হয়েছে। ওই মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার দিবাগত রাতে তালিমপুর ইউনিয়নের টেকাহালী গ্রামের জনৈক নজরুল ইসলামের বাড়ির পেছনের বাগানে প্রকাশ্যে অর্থের বিনিময়ে জুয়া খেলার গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে জুয়া খেলার সময় ১২ জুয়াড়িকে আটক করে।
এই অভিযানে নেতৃত্ব দেন থানার উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম ও মিন্টু চৌধুরী। এ ঘটনায় থানার উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম বাদী হয়ে আটককৃতদের বিরুদ্ধে ১৮৬৭ সনের জুয়া আইনের-৪ ধারায় মামলা করেছেন।
বড়লেখা থানার পুলিশ (উপ-পরিদর্শক) এস আই জাহাঙ্গীর আলম বলেন,প্রকাশ্যে অর্থের বিনিময়ে জুয়া খেলার অপরাধে ১২ জুয়াড়িকে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা হয়েছে। তাদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। মাদক ও জুয়ার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
Sylhetnewsbd Online News Paper