সিলেট নিউজ বিডি ডেস্কঃ একাদশ সংসদ নির্বাচনে ধানের শীষ নিয়ে বিজয়ী ঐক্যফ্রন্টের প্রার্থীরা শপথ না নেয়ার ব্যাপারে ঐক্যবদ্ধ বলে দাবি করেছেন বিএনপি নেতা রুহুল কবির রিজভী।
মৌলভীবাজার-২ আসন থেকে বিজয়ী সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ শপথ নেওয়ার বিষয়ে আগ্রহ জানানোর পর এই দাবি করেন বিএনপির মুখপাত্র।
সোমবার নয়াপল্টনে দলীয় কার্যালয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নে এ কথা বলেন রিজভী।
৩০ ডিসেম্বরের ভোটে ব্যাপক কারচুপির অভিযোগ আনা ঐক্যফ্রন্টের আট জন প্রার্থী শপথ নেবেন না বলে সিদ্ধান্ত জানিয়েছিলেন জোটের মুখপাত্র বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমহীর। এদের মধ্যে ছয় জন বিএনপির এবং দুই জন গণফোরামের।
গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন এরই মধ্যে নিজের অবস্থান জানিয়েছেন। বলেছেন, তিনি ব্যক্তিগতভাবে শপথ নেওয়ার পক্ষে।
এর মধ্যে ধানের শীষ নিয়ে জেতা গণফোরামের সুলতান মনসুর ছাড়াও উদীয়মান সূর্য দিয়ে সিলেট-২ আসন থেকে জয়ী মুকাব্বির খান শপথ নেবেন বলে গণমাধ্যমে খবর এসেছে।
তবে রিজভী বলেন, ‘ঐক্যফ্রন্টের কোন প্রার্থী ব্যক্তিগতভাবে শপথ গ্রহণ করবেন, এমন তথ্য আমার কাছে নেই। তবে এখনো বিএনপি এবং ঐক্যফ্রন্ট ঐক্যবদ্ধ আছে। যে কোনো বিষয়ে বসে সিদ্ধান্ত গ্রহণ করবে।’
নির্বাচনী ফলাফলের বিরুদ্ধে মামলার অগ্রগতি কতদূর- জানতে চাইলে রিজভী বলেন, ‘মামলা করবেন প্রত্যেক প্রার্থী। দলীয়ভাবে এটা করা হবে না। প্রত্যেকে তার ইচ্ছামতো সময়ে মামলা করবেন।’
বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, চেয়ারপারসনের উপদেষ্টা আতাউর রহমান ঢালী, সহ সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ, সহ দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু, মুনির হোসেন প্রমুখ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
Sylhetnewsbd Online News Paper