সিলেট নিউজ বিডি ডেস্কঃ দেশের জনগণ অব্যাহতভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনারই নেতৃত্ব চায় বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ।
মঙ্গলবার (১৯ ফেব্রুয়ারি) রাজধানীর ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে দলের প্রচার উপ-কমিটির সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ড. হাছান মাহমুদ এ কথা বলেন।
তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, বাংলাদেশে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বের কোন বিকল্প নেই। শেখ হাসিনার নেতৃত্বে গত ১০ বছরে দেশ বদলে গেছে। খাদ্য ঘাটতির দেশ খাদ্য উদ্বৃত্তের দেশে পরিণত হয়েছে, স্বল্প উন্নত দেশের তালিকা থেকে মধ্যম আয়ের দেশে রূপান্তরিত হয়েছে, পৃথিবীর প্রথম পাঁচটি দেশ যাদের জিডিপি বৃদ্ধির হার সবচেয়ে বেশি তার মধ্যে বাংলাদেশ একটি।
বাংলাদেশ আজকে শেখ হাসিনার নেতৃত্বে সারাবিশ্বের কাছে রোল মডেলে পরিণত হয়েছে উল্লেখ করে তিনি বলেন, দেশের জনগণ চায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাই অব্যাহতভাবে দেশের নেতৃত্ব দিক। জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশকে আরও এগিয়ে নিয়ে যাক এটাই জনগণের প্রত্যাশা।
ড. হাছান মাহমুদ বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেই ইচ্ছাই ব্যক্ত করুক না কেন, দেশের জনগণ চায় তিনিই প্রধানমন্ত্রী হিসেবে দেশের নেতৃত্ব এবং আওয়ামী লীগের নেতৃত্ব দিক। দেশের মানুষ চায় তিনি অব্যাহতভাবে গত ১০ বছরে যেভাবে দেশকে এগিয়ে নিয়ে গেছেন, ভবিষতেও দেশ তার নেতৃত্বেই এগিয়ে যাক।
অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন বিএনপির বিরুদ্ধে কারো কোন ষড়যন্ত্রের প্রয়োজন নেই, তারা নিজেরাই নিজেদেরকে দুর্বল লারার পথ বেছে নিয়েছে এবং নির্বাচন থেকে সরে আসার মতো আত্নহনের পথ বেছে নেওয়ায় তারা নিজেরাই দুর্বল হয়ে গেছে বলেও মন্তব্য করেন তিনি।
দলের অন্যতম মুখপাত্র ড. হাছান মাহমুদ বলেন, বিএনপিসহ আমাদের বিরুদ্ধে যারা রাজনীতি করে, আমরা চাই, তারা শক্তিশালী থাকুক। আমরা চাই তারা আমাদের গঠনমূলক সমালোচনা করুক।
Sylhetnewsbd Online News Paper