বিশ্বকাপ সেমিফাইনালের আশায় শ্রীলঙ্কা

সিলেট নিউজ বিডি ডেস্কঃ ‘সেমিফাইনাল খেলতে পারে শ্রীলঙ্কা’—অস্ট্রেলিয়ান কিংবদন্তি স্টিভ ওয়াহর কয়েক দিন আগে বলা কথাটা নিয়ে মুখ টিপে হেসেছিলেন অনেকে। সময়ই বলবে লঙ্কানরা এতটা পথ পাড়ি দিতে পারবে কি না।

তবে গতকাল ফেভারিট ইংল্যান্ডকে ২০ রানে হারিয়ে বিশ্বকাপ জমিয়ে দিল ঠিকই। লিডসে ৯ উইকেটে শুধু ২৩২ রান করেছিল দিমুথ করুণারত্নের দল। ৩৫০ বা ৪০০ অনায়াসে করতে পারে যে ইংল্যান্ড, তাদের জন্য বড় চ্যালেঞ্জ হওয়ার কথা ছিল না এটা। সেই তারাই ধীরগতির উইকেটে নেমে খেই হারিয়ে ২১২ রানে অলআউট। আগুন ঝরানো বলে ৪ উইকেট নিয়ে ম্যাচসেরা লাসিথ মালিঙ্গা।
২০ রানের জয়ে বাংলাদেশকে পেছনে ফেলে এখন পাঁচ নম্বরে শ্রীলঙ্কা। ৬ ম্যাচ শেষে তাদের পয়েন্ট ৬। সমান ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে তিনে ইংল্যান্ড। সেমিফাইনালের দৌড়ে তাতে টিকে থাকল লঙ্কানরা।

আর হট ফেভারিট ইংল্যান্ডেরও কঠিন হলো শেষ চারের পথ।
এবারের বিশ্বকাপে পাকিস্তানের পর শ্রীলঙ্কা দ্বিতীয় হারের তেতো স্বাদ দিয়েছে এউইন মরগানের দলকে। গত বিশ্বকাপেও কিন্তু ইংল্যান্ড ৯ উইকেটে হেরেছিল লঙ্কানদের কাছে। সেবার ইংল্যান্ডের ৩০৯ রানের পাহাড় লাহিরু থিরিমান্নে ও কুমার সাঙ্গাকারার সেঞ্চুরিতে ৪৭.২ ওভারে শুধু এক উইকেট হারিয়ে পেরিয়ে যায় লঙ্কানরা।

আগের ম্যাচে আফগানদের বিপক্ষে বিস্ফোরক ব্যাটিং করেছিল ইংল্যান্ড, বিশেষ করে এউইন মরগান। শ্রীলঙ্কার বিপক্ষেও তেমনি কোনো কিছু করার সম্ভাবনাটা অবশ্য শেষ হয়ে যায় দিমুথ করুণারত্নে টসে জিতে ব্যাটিং নেওয়ায়। শ্রীলঙ্কান অধিনায়ক টসের পর ব্যাটিংয়ে নেমে নিজেই সবার আগে ফিরে আসেন ড্রেসিংরুমে, খুব অল্প সময়ের বিরতিতেই! মাত্র ১ রান করে জোফ্রা আর্চারের বলে উইকেটের পেছনে ক্যাচ দেন করুণারত্নে, ২ রান করে আউট কুশল পেরেরাও। এরপর আভিস্কা ফার্নান্দো ও কুশল মেন্ডিস ভালো একটা জুটি গড়লেও দুজনেই অল্পের জন্য মিস করেছেন হাফ সেঞ্চুরি। ফার্নান্দো ৪৯ ও মেন্ডিস ৪৬ রানে আউট হন। অ্যাঞ্জেলো ম্যাথুজ এক প্রান্ত আগলে রেখে ১১৫ বলে ৮৫ রানে ছিলেন অপরাজিত, তাঁর সঙ্গে খানিকটা অবদান ২৯ রান করা ধনঞ্জয়া ডি সিলভার। জোফরা আরচার ও মার্ক উডের শিকার সমান ৩টি করে উইকেট।

২৩২ রানের পুঁজি নিয়ে ইংল্যান্ডের সঙ্গে লড়াই চালিয়ে যাওয়াটাও কঠিন, সেখানে উল্টো স্বাগতিকদের শুরু থেকে কঠিন পরিস্থিতির মুখে ফেলে দিয়েছিল চন্দিকা হাতুরুসিংহের শিষ্যরা। দুই ওপেনার জনি বেয়ারস্টো ও জেমস ভিনসকে ২৬ রানে ফিরিয়ে দারুণ শুরু এনে দেন লাসিথ মালিঙ্গা। আফগানদের বিপক্ষে রেকর্ড গড়া মরগানকে শান্ত রেখে ২১ রানেই থামিয়ে দেন ইসুরু উদানা। এরপর জস বাটলারও মালিঙ্গার বলে লেগ বিফোর উইকেটের শিকার, পারেননি রিভিউ নিয়েও বাঁচতে। ইংল্যান্ডের পথ দেখানো জো রুট ৫৭ করে মালিঙ্গার বলে ক্যাচ দেন উইকেটের পেছনে। এরপর ভরসা হয়ে টিকে ছিলেন বেন স্টোকস। মালিঙ্গার বলে ৫৭ রানে মিড উইকেটে ক্যাচ দিয়েছিলেন তিনি। সেটা তালুবন্দি করতে পারেননি জীবন মেন্ডিস। হাঁটু গেড়ে হতাশা জানাচ্ছিলেন বোলার লাসিথ মালিঙ্গা। ৮৯ বলে ৮২ করে ইংল্যান্ডের নিভতে যাওয়া আশার সলতে জ্বালিয়ে রেখেছিলেন স্টোকস। তবে নুয়ান প্রদীপের করা ৪৭তম ওভারের শেষ বলটা সামলাতে পারেননি মার্ক উড। তিনি উইকেটের পেছনে ক্যাচ দিলে অবিস্মরণীয় জয়ের আনন্দে মাতে লঙ্কানরা।