সিলেট নিউজ বিডি ডেস্ক: পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, ‘পৃথিবীকে বাঁচাতে হলে সমুদ্রকে দূষণের হাত থেকে রক্ষা করতে হবে। এব্যায়াপারে সকলকে সচেতন হতে হবে।
(১৯ জুলাই)শুক্রবার রাজধানীর হোটেল সোনারগাঁয়ে অনুষ্ঠিত ‘লন্ডন প্রটোকল’এর ওপর এক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘সমুদ্র হচ্ছে পৃথিবীর শরীরের রক্তপ্রবাহ। রক্ত প্রবাহ দূষিত হলে যেমন মানুষ বাঁচে না, তেমনি সমুদ্র দূষিত হলেও পৃথিবী বাঁচবে না। পরিবেশের একটি বড় অংশ এবং পানির প্রধান উৎস হচ্ছে সমুদ্র। এই প্রধান উৎসকে আমরা নষ্ট করে দিচ্ছি নানা রকম দূষণের মাধ্যমে। বছরে ২৫০ মিলিয়ন টন বর্জ্য নিক্ষিপ্ত হচ্ছে সমুদ্রে। সবচেয়ে ভয়াবহ হচ্ছে প্লাস্টিক বর্জ্য দ্বারা সমুদ্র দূষণ। এরপর রয়েছে তেল জাতীয় পদার্থ ও জাহাজ থেকে নিক্ষিপ্ত অন্যান্য বর্জ্য। আমাদের এই আচরণ থেকে সরে আসতে হবে যদি আমরা সমুদ্রকে বাঁচাতে চাই। বিশ্বব্যাপী আজ সচেতনতা তৈরির সময় হয়েছে।
তিনি আরও বলেন, ‘শুধু সমুদ্র নয়, নদীমাতৃক এই দেশকে দেশের পরিবেশকে রক্ষা করতে হলে নদীগুলোকে দূষণের হাত থেকে রক্ষা করতে হবে। যারা নদী দূষণ করছে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হবে।’ পাশাপাশি তিনি এ বিষয়ে জনগণকে সচেতন হওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ উপমন্ত্রী হাবিবুন নাহার ও পরিবেশ সচিব আবদুল্লাহ আল মোহসীন চৌধুরী।
পরিবেশ মন্ত্রণালয়, ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন ও সাউথ এশিয়া কো-অপারেটিভ এনভাইরোমেন্টাল প্রোগ্রাম যৌথভাবে ‘লন্ডন প্রটোকল’ এর ওপর এই কর্মশালার আয়োজন করে।
সূত্র:দৈনিক সোনালী খবর
Sylhetnewsbd Online News Paper