বেনাপোল এক্সপ্রেস’ এর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

সিলেট নিউজ বিডি ডেস্কঃ বেনাপোল-ঢাকা রুটে ‘বেনাপোল এক্সপ্রেস’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। রেলপথে যাত্রী সেবা এক ধাপ এগিয়ে নিতে স্বাধীনতার ৪৮ বছর পর এই প্রথম ঢাকা-বেনাপোল রেলরুটে চালু হলো ‘বেনাপোল এক্সপ্রেস’ ট্রেন। বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে দুপুর সাড়ে ১২টার সময় এটির শুভ উদ্ধোধন করেন।

এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি বাস্তবায়ন হওয়ায় বেজায় খুশী সকল শ্রেণির মানুষ। ঢাকার সঙ্গে রেল যোগাযোগ চালু হওয়ায় বেনাপোল বন্দরে আমদানি-রফতানির কাজে নিয়োজিত ব্যবসায়ীদেরও যাতায়াত সহজতর হয়েছে। পাশাপাশি পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াতের ব্যাপক সুবিধাসহ নানা হয়রানি থেকে রেহাই পাবেন তারা।

উদ্বোধনের সময় বেনাপোল রেল স্টেশনে আয়োজিত অনুষ্টানে উপস্থিত ছিলেন যশোর-১ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব শেখ আফিল উদ্দীন, যশোর-৩ (ঝিকরগাছা) আসনের জাতীয় সংসদ সদস্য মো. নাসির উদ্দীন, বাংলাদেশ রেল ওয়ের মহাপরিচালক মো. শামসুজ্জামান, বেনাপোল কাষ্টমস কমিশনার বেলাল হোসাইন চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক হোসাইন সাখাওয়াত, উপ-মহাপরিচালক মিরাজ মিয়াসহ শার্শা উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতা-কর্মীরা।

বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে প্রতিদিন ঢাকাসহ দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে আসা ৫ থেকে ৬ হাজার পাসপোর্টধারী যাত্রী ভারতে যাতায়াত করে থাকেন। যাত্রীদের সিংহভাগ আসেন ঢাকা থেকে। সড়ক পথের বেহাল দশা ও দৌলতদিয়া-পাটুরিয়া ফেরিঘাটে যানজটের কারণে যাত্রীরা নানামুখি হয়রানির শিকার হন।

ব্যবসা-বাণিজ্য, চিকিৎসার জন্য বাংলাদেশের মানুষ ভারতের ওপর বেশি নির্ভরশীল। ভারতের সঙ্গে যোগাযোগের মাধ্যম শুধু বাস। ঢাকা-বেনাপোল রুটে রেল চালু হওয়ায় ব্যবসা-বাণিজ্যের সম্প্রসারণসহ পাসপোর্টধারী যাত্রীদের হয়রানি লাঘব হবে বলে জানালেন রেলের যাত্রীরা। বিরতিহীন এ ট্রেনটি কেবল যশোর ও ঈশ্বরদী স্টেশনে থামবে।

বেনাপোল-ঢাকা ননস্টপ ট্রেনটি চালু হলে যাত্রীরা নির্বিঘ্নে, নিরাপত্তায় সাড়ে ৭ ঘন্টায় ঢাকায় যেতে পারবেন। এই ট্রেনটিতে ১০টি বগি থাকবে। ১০টি বগির মধ্যে দুটি কেবিন, দুটি এসি চেয়ার ও বাকিগুলো চেয়ার রয়েছে। কেবিনের ভাড়া এক হাজার ২০০ টাকা, এসি চেয়ারের ভাড়া এক হাজার টাকা ও নন এসি চেয়ার ভাড়া ৫০০ টাকা প্রস্তাব করা হয়েছে। বেনাপোল-ঢাকা রেল রুটে যাত্রী সেবার ক্ষেত্রে সিট অনলাইনে যাত্রীরা সংগ্রহ করতে পারবেন। সপ্তাহে একদিন বিরতি দিয়ে প্রতিদিন সকাল ও রাতে এ লাইনে দুটি ট্রেন চলাচল করবে।

বেনাপোল স্টেশন মাস্টার মো. সাইদুজ্জামান জানান, উদ্বোধনী দিনে ১১৫ জন যাত্রী নিয়ে ট্রেনটি রওনা হয়েছে।