আয়ারল্যান্ড আওয়ামীলীগের আহবায়ক কমিটি নিয়ে ক্ষোভের দানা বাঁধছে!

সিলেটনিউজবিডি ডেস্ক:  আয়ারল্যান্ড আওয়ামীলীগের আহ্বায়ক কমিটি নিয়ে নেতা-কর্মীদের মধ্যে ক্ষোভের দানা বাঁধছে  । জানা যায়, কিছু দিন আগে আয়ারল্যান্ড আওয়ামীলীগের আহ্বায়ক কমিটি ঘোষণা করেন ইউরোপিয়ান আওয়ামীলীগের সভাপতি নজরুল ইসলাম। পূর্ণাঙ্গ কমিটি ২০১৯ সালের সেপ্টেম্বরের ২০ তারিখে গঠন করলেও তা ঘোষণা করা হয় অক্টোবরের ২৯ তারিখে। কিন্তু এর আগেই ৮ সেপ্টেম্বর আহ্বায়ক কমিটির আহ্বায়ক পদ ঘোষণা করা হয়।
আওয়ামীলীগ নেতা-কর্মীদের সাথে আলাপ  করলে  জানা যায়,   নজরুল ইসলাম ২৯ সদস্য বিশিষ্ট ঢাউস আকারের আহ্বায়ক কমিটি করেছেন  যেখানে প্রায় ১২ থেকে ১৫ জনের মতো পদধারীদের আওয়ামীলীগের কোনো মিছিল-মিটিংয়ে দেখা যায় না।  এমনকি আওয়ামীলীগের কর্মী নন  এবং আয়ারল্যান্ডের বাইরে অবস্থান করছেন এরকম অনেক অনুপ্রবেশকারীকেও কমিটিতে  জায়গা দেওয়া হয়েছে। নেতা-কর্মীরা জানান এ সক্রান্ত সকল তথ্য-প্রমান তাদের হাতে রয়েছে। কর্মীরা তাদের ক্ষোভ সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন মাধ্যমে প্রকাশ করছেন।
নাম প্রকাশ না করার শর্তে এক কর্মী জানান , এখানে বেশ ভালো অর্থেের  লেনদেন হয়েছে যার কারণে এই আহ্বায়ক কমিটিতে বিএনপি জামায়াতের লোকজন সহ অনুপ্রবেশকারী বেশি ,তারাই মূলত এই অর্থেের  যোগান দিয়েছেন। আওয়ামীলীগ  অনেকদিন ক্ষমতায় থাকায় দিশেহারা হয়ে বিএনপি-জামায়াতের কর্মীরা উপঢৌকনের বিনিময়ে   অনেক পদ-পদবী লাভ করছেন। আরেকজন নেতা বলেন,  মনে হচ্ছে না এই কমিটিতে আওয়ামীলীগের লোকজন থাকবে কারণ বিএনপি জামায়াতের কর্মীরা টাকা দিয়ে এভাবে পদ পদবী দখল করে নিলে আওয়ামীলীগের সক্রিয় কর্মীরা সেখানে  একসাথে রাজনীতি করবে না।
আরেক কর্মী জানান , কমিটিতে এক শরণার্থীকে স্থান দেওয়া হয়েছে যিনি বিএনপির সক্রিয় একজন কর্মী। বাংলাদেশ সরকার বিরোধী আন্দোলনে তিনি বিএনপি মনোভাবাপন্ন একটি সংগঠনের ডাকে আয়ারল্যান্ডের মাটিতে নিরাপদ সড়ক আন্দোলন সংগঠন করেন । এই প্রতিবেদকের কাছে আসা ভিডিও ফুটেজে দেখা যায় তিনি স্পষ্ট বাংলাদেশ সরকার বিরোধী বক্তব্য রাখছেন।
বছর দেড়েক আগে এই ব্যক্তিকে নানা অভিযোগে আয়ারল্যান্ড ছাত্রলীগ থেকে বহিস্কার করা হয়। বিশেষ করে বাংলাদেশ ছাত্রলীগের কাছে নিজেকে ছাত্র বলে জাহির করে আয়ারল্যান্ড ছাত্রলীগের সভাপতির পদ বাগিয়ে নেন। পরে কেন্দ্রীয় ছাত্রলীগ তার বিএনপিতে সম্পৃক্ততা ও তিনি ছাত্র নন এই অভিযোগে  আয়ারল্যান্ড ছাত্রলীগের পদ থেকে বহিস্কার করা হয়।
কমিটিতে সকল নাম সভাপতি নজরুল ইসলাম নিজেই দিয়েছেন , এসব নিয়ে তিনি আহ্বায়ক বা সদস্য সচিব কারো সাথে কোনো আলাপ আলোচনা করেননি বলে জানালেন এক কর্মী।
এরকম পরিস্থিতিতে কর্মীরা জানা, তারা এই বিষয়ে খুব শীগ্রই বসবেন এবং এই কমিটির বিষয়ে একটা ফয়সালা করবেন। তারা সব বিকল্পই পর্যালোচনা করছেন।
আহ্বায়ক কমিটির বিষয়ে ইউরোপিয়ান আওয়ামীলীগের সভাপতি নজরুল ইসলামকে কয়েকবার ফোন দিলেও তিনি ফোন ধরেননি।