সিলেট নিউজ বিডি ডেস্কঃ ভারতের নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) মুসলিম বিরোধী বলে প্রতিবাদে গর্জে উঠেছে দেশটির কেরালা রাজ্য। ইতিমধ্যে সিএএ-বিরোধী প্রস্তাব পাশ হয়েছে কেরালা বিধানসভায়। তারই ধারাবাহিকতায় সম্প্রীতির নজির গড়তে এক দরিদ্র হিন্দু নারীর বিয়ের দায়িত্ব নিজেদের হাতে তুলে নেয় কেরালার এক মসজিদ কর্তৃপক্ষ।
ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, মসজিদ কর্তৃপক্ষের তত্ত্বাবধানেই মসজিদের অভ্যন্তরে অনুষ্ঠিত হয়েছে বিয়ে। শুধু বিয়ের আয়োজন নয় মসজিদ কমিটি নববধূকে ১০টি স্বর্ণমুদ্রা এবং দু’লক্ষ টাকাও উপহার দিয়েছে।
গোলাপি-সোনালি শাড়িতে লজ্জাবনত নববধূ, বরের পরনেও দক্ষিণী ঐতিহ্যবাহী সাদা শার্ট আর মুন্ড। সামনে সাজানো বিয়ের উপাচার। হিন্দু বিয়ের প্রতিটি আচার মেনে চার হাত এক হয় অঞ্জু ও শরত নামে বর কনের। আর এই বিয়েতে সাক্ষী থাকতে কেরালার চেরুভাল্লি মুসলিম জামাত মসজিদ চত্বরে ভিড় জমায় নানা ধর্মের, নানা শ্রেণির মানুষ।
রবিবার চেরুভাল্লির মুসলিম জামাত মসজিদের রুপ ছিল যেন এক অস্থায়ী বিয়েবাড়ি। বিয়ের অনুষ্ঠানের জন্য মসজিদ চত্বরেই টাঙানো হয়েছিল চাঁদোয়া। তার নিচে মালা বদল থেকে শুরু করে সব হিন্দু আচার-আচরণ মেনে বিয়ের অনুষ্ঠান চলে বেলা সাড়ে ১১টা থেকে সাড়ে ১২টা অবধি।
এরপর প্রীতিভোজ। হিন্দু-মুসলিম নির্বিশেষে হাজার খানেক আমন্ত্রিত দক্ষিণী নিরামিষ পদ খান তৃপ্তিভরে, দু’হাত তুলে আশীর্বাদ করেন নবদম্পতিকে। মসজিদ কমিটির এই সাহায্যে অভিভূত নবদম্পতি।
সাম্প্রদায়িক অশান্তির প্রেক্ষাপটে কেরালার মসজিদে হিন্দু দম্পতির বিয়ে সৃষ্টি করেছে অনন্য নজির। এনিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন সোশ্যাল মিডিয়ায় মুখ্যমন্ত্রী টুইট করে বলেন, এটাই কেরালার একতার চিত্র।
Sylhetnewsbd Online News Paper