সিলেট নিউজ বিডি ডেস্কঃ করোনা সংক্রমণের চিকিৎসা নেওয়ার পর অস্ট্রেলিয়ার হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন হলিউডের তারকা দম্পতি টম হ্যাঙ্কস ও রিটা উইলসন।
গত সপ্তাহে তাদের শরীরে করোনার উপস্থিতির পাওয়া যায়। এরপর কুইন্সল্যান্ডের ভাড়া বাসায় স্বেচ্ছা-কোয়ারেন্টাইনে যান টম ও রিটা।
এলভিস প্রিসলির বায়োপিকের শুটিংয়ের প্রস্তুতির জন্য দেশটিতে অবস্থান করছিলেন তারা।
ছবিতে পপ আইকনের ম্যানেজারের চরিত্রে অভিনয়ের কথা রয়েছে একাধিক অস্কারজয়ী অভিনেতার।
অস্ট্রেলিয়ায় ৩৭৫ জনের মাঝে করোনাভাইরাস সংক্রমণের খবর নিশ্চিত হওয়া গেছে। এর মধ্যে কুইন্সল্যান্ডে আক্রান্তের সংখ্যা ৬৮।
৬৩ বছর বয়সী টম ও রিটা সর্বশেষ বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়া পোস্টে করোনা আক্রান্ত হওয়ার খবর জানান। তারা জানান, খানিকটা ক্লান্ত লাগছে। সর্দি হয়েছে ও শরীরে ব্যথা অনুভব হচ্ছে। রিটার শরীরে জ্বরও রয়েছে।
আন্তর্জাতিক তারকাদের মধ্যে করোনায় আক্রান্তদের মধ্যে প্রথম টম ও রিটা। এর পর সোমবার এই ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে ব্রিটিশ অভিনেতা ইদ্রিস এলবার শরীরে।
তবে তিনি ভালোই আছেন বলে জানান এক টুইট বার্তায়।
এ দিকে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন সোমবার এক নির্দেশনায় জানান, বিদেশ থেকে আসা সবাইকে ১৪ দিন স্বেচ্ছা আইসোলেশনে থাকতে হবে। বিদেশি ক্রুজ লাইনারকে দেশটিতে ৩০ দিনের জন্য নিষিদ্ধ করা হয়েছে। তবে স্কুল খোলা থাকবে।
Sylhetnewsbd Online News Paper