সিলেট নিউজ বিডি ডেস্কঃ বেশ কিছুদিন আমেরিকায় কাটিয়ে ১৬ মার্চ দেশে ফিরেছেন জনপ্রিয় অভিনেত্রী ও কণ্ঠশিল্পী মেহের আফরোজ শাওন। দেশে ফিরেই তিনি স্বেচ্ছায় কোয়ারেন্টাইনে অবস্থান করছেন। করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে সতর্কতামূলক ব্যবস্থা নিতেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে শাওন জানান, ‘বেশ আগে প্রতিশ্রুতি দেয়া একটি বইমেলায় অংশ নিতে আমেরিকায় গিয়েছিলাম।
ওয়াশিংটনে প্রকোপ থাকলেও নিউইয়র্কে করোনা প্রকাশ পায়নি তখনো। ভাইরাসটির সংক্রমণ বাড়ার পরপরই আমেরিকার বিভিন্ন স্টেটে সতর্ক বার্তা জারি হয়ে যায়। তারপর ঘর থেকে বের হইনি একদম। এ বছর মে মাসের ৩০, ৩১ তারিখে নিউইয়র্কে অনুষ্ঠিতব্য হুমায়ূন আহমেদ সাহিত্য ও সাংস্কৃতিক সম্মেলন ২০২০ এর সংবাদ সম্মেলন বাতিল এবং মূল অনুষ্ঠানের তারিখ স্থগিত করা হয় তৎক্ষণাৎ। প্রতি মুহূর্তের খবর দেখছিলাম আর ভাবছিলাম বাচ্চা দু’টোর কাছে ফিরতে পারব তো।
এদিকে বাংলাদেশে আসার পথে বিমান অভিজ্ঞতার কথা জানিয়ে শাওন লিখেছেন, ‘ঢাকা এয়ারপোর্টে স্বাস্থ্য বিষয়ক সতর্ক অবস্থান দেখে ভালো লাগলেও দুবাই থেকে ফেরার ফ্লাইটে মধ্যপ্রাচ্যের যাত্রীদের গণহারে প্যারাসিটামল কিংবা প্যানাডল খেয়ে ‘জ্বর যেন না ওঠে তাইলে মেশিনে আটকায়ে দিবে’ ধরনের আচরণ খুব আশঙ্কাজনক লেগেছে! ‘কোয়ারেন্টাইন’ শব্দটার প্রতি এক অজানা ভীতিতে সবাই। ‘মাত্র ১৪ টা দিন নিয়ম মেনে আলাদা থাকলে পরিবারের অন্য সদস্যরা করোনা ভাইরাসের সংক্রমণের ঝুঁকিমুক্ত থাকবে’ এই কথা ৪/৫ জনকে বোঝাবার চেষ্টা করে সম্পূর্ণ ব্যর্থ হয়েছি আমি। তবে নিজের বিষয়ে সিদ্ধান্ত নিয়ে রেখেছিলাম নিউইয়র্ক থেকে রওনা হওয়ার একদিন আগেই। আব্বু আম্মুর সঙ্গে কথা বলে রেখেছিলাম- তারা দুজন সায় দিয়েছেন।
নিনিত এবং নিষাদ দু’জনকেই বুঝিয়ে বলেছেন। পুত্রদ্বয়ও বিষয়টা সুন্দরভাবেই গ্রহণ করেছে। ’
তিনি আরও বলেন, ‘আমি গতকাল থেকে আমার ধানমন্ডির বাসায় সবার থেকে আলাদা (হোম কোয়ারেন্টাইন শব্দটিতে আমারও ভয় লাগে!) আছি। আমার মা’র বাড়িতে থাকা পুত্রদের সঙ্গে ঘণ্টায় ঘণ্টায় ভিডিও কলে কথা হচ্ছে। বাসায় ফেরার পর গতকাল রাতে প্রতিবেশী স্বর্ণা ভাবী জড়িয়ে ধরে শুভেচ্ছা জানাতে চাইলে তাকে বারণ করেছি। তিনি বুঝতে পেরেছেন এবং ৩/৪ হাত দূরে দাঁড়িয়ে খাবার দিয়ে গেছেন। দখিন হাওয়া’য় আমার বাসার দরজা প্রথমবারের জন্য তালাবন্ধ রাখা হয়েছে!’
শাওন সুস্থ আছেন জানিয়ে লিখেন, ‘আমি ভালো আছি। জ্বর, কাশি, গা ব্যথা কিছুই নেই। আপাতত আগামী সাড়ে ১৩ দিন (আধাদিন পার হয়ে গেছে) কী কী করব তার তালিকা করছি। ’
Sylhetnewsbd Online News Paper