সিলেট নিউজ বিডি ডেস্কঃ মালয়েশিয়ায় প্রবেশ করতে না পেরে সাগরে ভাসতে থাকা প্রায় ৫০০ রোহিঙ্গা শরণার্থীদের কোনো দায় নিতে বাংলাদেশ রাজি নয় বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
শুক্রবার (২৪ এপ্রিল) সাংবাদিকদের তিনি বলেন, ‘এক সপ্তাহ আগে প্রায় ৫০০ রোহিঙ্গা শরণার্থী নৌকাযোগে মালয়েশিয়া যেতে ব্যর্থ হয়ে ফিরে আসে। এখন আর নতুন করে এসব রোহিঙ্গাদের গ্রহণ করতে বাংলাদেশ রাজি নয়। সাগরে ভাসমান এ রোহিঙ্গারা বাংলাদেশের জলসীমায় নেই। দুটি নৌকায় তারা বঙ্গোপসাগর ও আন্দামান সাগরে ঘুরছেন। তারা মালয়েশিয়ায় আশ্রয় নিতে চাইলেও ওই দেশের সরকার তাদেরকে দেশটিতে প্রবেশ করতে দেয়নি। ফলে তারা এখন বাংলাদেশে প্রবেশের চেষ্টা করছেন।’
তিনি জানান, রোহিঙ্গাদের গ্রহণ করার জন্য বাংলাদেশের কোনো দায়বদ্ধতা নেই। তাদের সাহায্যের জন্য অন্য দেশও এগিয়ে আসতে পারে। পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এই অঞ্চলে আরও দেশ আছে। মালয়েশিয়া, থাইল্যান্ড, ভারত, ফিলিপাইন। তাদের কাছে কেউ রোহিঙ্গাদের নেওয়ার জন্য অনুরোধ করে না। শুধু বাংলাদেশের কাছে করে কেন?’
Sylhetnewsbd Online News Paper