সিলেটের সাবেক মেয়র কামরান আর নেই

সিলেট নিউজ বিডি ডেস্কঃ করোনা ভাইরাস আক্রান্ত হয়ে সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র বদর উদ্দিন কামরান মারা গেলেন।

সিলেটেই পরীক্ষা করে গত পাঁচই জুন করোনাভাইরাস শনাক্ত হয়েছিল সিলেটের সাবেক মেয়র ও ক্ষমতাসীন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা বদর উদ্দিন আহমেদ কামরানের।

অবস্থার অবনতি হলে সাতই জুন তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতাল বা সিএমএইচে ভর্তি করা হয়েছিল।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৫ই জুন ভোর রাতে তিনি মৃত্যুবরণ করেন।

এর আগে গত মাসে কামরানের স্ত্রীও করোনাভাইরাসে সংক্রমিত হয়েছিলেন।

তিনি দীর্ঘদিন ধরে সিলেটে আওয়ামী লীগের নেতৃত্ব দিয়ে আসছিলেন এবং সিলেটে সিটি কর্পোরেশনের প্রথম নির্বাচিত মেয়র।
এর আগে তিনি সিলেট পৌরসভার চেয়ারম্যান ছিলেন।পাশাপাশি সিলেট শহর ও নগর আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছে দীর্ঘকাল। সর্বশেষ তিনি আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ছিলেন তিনি।
১৯৫১ সালের পহেলা জানুয়ারি সিলেটে জন্মগ্রহণ করেন তিনি।

ব্যক্তিগত জীবনে তিনি দুই পুত্র এবং এক কন্যা সন্তানের জনক।