করোনা পরিস্হিতিতে প্রধানমন্ত্রী অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন

মস্তফা উদ্দিনঃ ‘করোনাভাইরাসের প্রাদুর্ভাব কালীন সময়ে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা করোনা পরিস্হিতিতে দেশে কর্মহীন হয়েপড়া কর্মজিবি পরিবার গুলোতে খাদ্যসামগ্রী সহায়তা এবং মসজিদের ইমাম মুয়াজ্জিন,মাদ্রাসা,গার্মেন্টসকর্মী, কৃষক-শ্রমিক এবং নন-এমপিও শিক্ষক-কর্মচারীসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষকে নগদ অর্থসহ বিভিন্ন ভাবে সহায়তা প্রদান করে প্রধানমন্ত্রী এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন।’

মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে মৌলভীবাজারের বড়লেখা উপজেলা প্রশাসনের আয়োজিত প্রধানমন্ত্রীর কার্যালয় হতে করোনা ভাইরাসে ক্ষতিগ্রস্ত উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত ১২২জন নন এমপিও শিক্ষক কর্মচারীদের মাঝে ৫ লক্ষ ৬০ হাজার টাকার বিশেষ অনুদানের চেক বিতরণ অনুষ্ঠান প্রধান অতিথির বক্তব্যে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন এই কথাগুলো বলেছেন। তিনি ঢাকার সরকারি বাসভবন থেকে অনলাইনে অনুষ্ঠানের সাথে সংযুক্ত হয়েছিলেন।

পরিবেশ মন্ত্রী আরো বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তাঁর দূরদর্শিতার মাধ্যমে সকলকে সঙ্গে নিয়ে যেভাবে বৈশ্বিক এই মহামারি মোকাবিলা করছেন তা বিশ্বে বিরল। দেশের অনেক সীমাবদ্ধতা সত্ত্বেও মাননীয় প্রধানমন্ত্রীর সময়োপযোগী ও কার্যকর পদক্ষেপ গ্রহণের ফলে মানুষের দুর্দশা কমেছে এবং এজন্য তিনি বিশ্বব্যাপী প্রশংসিত হচ্ছেন।

করোনাভাইরাসের প্রাদুর্ভাব কমে আসলে সরকার জনগণের অর্থনৈতিক অবস্থার উন্নতিকল্পে বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করবে। ফলে বাংলাদেশ পুনরায় উন্নয়নের ধারায় ফিরে আসবে।

চেক বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামীম আল ইমরান। অন্যদের মধ্যে বক্তব্য দেন বড়লেখা উপজেলা পরিষদ চেয়ারম্যান সোয়েব আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আনোয়ার উদ্দিন, ভাইস চেয়ারম্যান তাজ উদ্দিন, বড়লেখা উপজেলা আওয়ামী লীগের যুগ্মসম্পাদক উপাধ্যক্ষ এ কে এম হেলাল উদ্দিন, বড়লেখা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হাওলাদার আজিজুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. উবায়েদ উল্লাহ খান প্রমুখ উপস্থিত ছিলেন।