নারী শিক্ষায় বেশি গুরুত্ব দিয়েছে সরকার : পরিবেশমন্ত্রী

মস্তফা উদ্দিন,বড়লেখা: পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়কমন্ত্রী শাহাব উদ্দিন এমপি বলেছেন, বর্তমান সরকার নারীদের শিক্ষার উপর বেশি গুরুত্ব দিয়ে কাজ করছে। আমাদের মেয়েরাও লেখাপড়ায় অনেক দূর এগিয়ে গেছে।সরকারের সকল সুবিধা কাজে লাগিয়ে নিজ নিজ এলাকার নারী শিক্ষার বিকাশে সকলে কাজ করলে নারীরা শিক্ষিত হয়ে দেশের উন্নয়নে ভূমিকা রাখতে পারবে। নারীরা বিভিন্ন উচ্চ পদে চাকুরী করার সুযোগ করে দিয়েছে বর্তমান সরকার।

তিনি শুক্রবার (১২ফেব্রুয়ারি) বিকেলে মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় নবপ্রতিষ্ঠিত সুজানগর ইউনিয়ন বালিকা উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

এলাকাবাসীর উদ্যোগে সুজানগর ইউনিয়নের হাশিমপুর গ্রামে নতুন এ বালিকা উচ্চ বিদ্যালয়টি স্থাপিত হয়। স্থানীয় দুবাই প্রবাসী ব্যবসায়ী বদরুল ইসলাম ও কুয়েত প্রবাসী এনামুল হকের অর্থায়নে স্কুলের ৩ তলা বিশিষ্ট পৃথক দু’টি একাডেমিক ভবন নির্মাণ করা হচ্ছে।

নব প্রতিষ্ঠিত স্কুলের ভুমিদাতা আওয়ামী লীগ নেতা মুজিবুল ইসলাম তারেকের সভাপতিত্বে ও উপাধ্যক্ষ একেএম হেলাল উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ, ইউএনও মো. শামীম আল ইমরান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সুন্দর, পৌরসভার মেয়র আবুল ইমাম মো. কামরান, ওসি মো. জাহাঙ্গীর হোসেন সরদার, স্কুলের দাতা সদস্য ও প্রবাসী ব্যবসায়ী বদরুল ইসলাম, সুজানগর ইউপি চেয়ারম্যান নছিব আলী, বড়লেখা সদর ইউপি চেয়ারম্যান সিরাজ উদ্দিন, স্কুলের ভুমিদাতা সফরুল ইসলাম, আওয়ামী লীগে নেতা আব্দুস শুকুর বকুল, ইমরুল ইসলাম লাল, সাজেদুল মজিদ নিকু, আব্দুল বাছিত প্রমুখ।