সিলেট নিউজ বিডি ডেস্কঃ বিদ্রোহীদের নিয়ন্ত্রিত সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলের একটি শহরে দেশটির সরকারি বাহিনীর হামলায় শিশুসহ অন্তত সাত জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন হাসপাতালের ১৪ জন চিকিৎসাসেবা কর্মী। স্থানীয় সময় রোববার (২১ মার্চ) একটি সেনা চৌকি থেকে এ হামলা করা হয় বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
চিকিৎসাকর্মী, প্রত্যক্ষদর্শী ও উদ্ধারকর্মীদের বরাতে জানা যায়, সরকারি বাহিনীর এক সেনা চৌকি থেকে ছোড়া আর্টিলারি শেল আলেপ্পোর পশ্চিমে অবস্থিত শহর আতারেবের একটি হাসপাতালে আঘাত করলে হতাহতের ঘটনা ঘটে।
এছাড়া প্রকাশিত বিভিন্ন ভিডিও ফুটেজে দেখা যায়, বিধ্বস্ত হাসপাতাল থেকে রক্তাক্ত রোগীদের বাইরে নিয়ে যাচ্ছেন উদ্ধারকারী সংস্থার কর্মীরা। হামলায় নিহত সাত জনের মধ্যে একজন নারী ও এক শিশুও আছে।
এর আগে তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছিল, রোববার দামেস্ক সমর্থিত সেনাদের ওই হামলায় পাঁচজন নিহত ও ১০ জন আহত হয়েছেন। উল্লেখ্য, এই হামলার আগে গত মাসে তুরস্ক ও রাশিয়ার মধ্যে বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকায় অস্ত্রবিরতি চুক্তি হয়েছিল।
Sylhetnewsbd Online News Paper