সিলেট নিউজ বিডি ডেস্কঃ গত কয়েকদিন ধরেই আলোচনা কেন্দ্র বিন্দুতে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্মকর্তাদের বিরুদ্ধে নানা ধরনের সমালোচনা করেছেন তিনি। স্বামীর এমন সময়ে পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন স্ত্রী উম্মে আহমেদ শিশির।
বাংলাদেশ দল নিউজিল্যান্ডে থাকলেও ছুটি নেওয়ায় বর্তমানে ক্রিকেটের বাইরে আছেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। তবে মাঠের বাইরে ভালো সময় যাচ্ছে না তার। বুধবার ছিল সাকিবের ৩৪তম জন্মদিন। যুক্তরাষ্ট্র থেকে তাকে শুভেচ্ছা জানিয়েছেন স্ত্রী শিশির। দিয়েছেন লড়ে যাওয়ার সাহস।
সাকিবকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট শেয়ার করে শিশির লিখেছেন, ‘আমার প্রিয় স্বামী আমার জানামতে সবচেয়ে শক্তিশালী মানুষ, তোমাকে জন্মদিনের শুভেচ্ছা। তোমার সফলতা ও বিজয়ী হতে শেষ দিন পর্যন্ত কত যুদ্ধ তোমাকে করতে হবে তা কোনও ব্যাপার নয়। আমি তোমাকে ভালোবাসি এবং সবসময় তোমার পাশে থাকবো। একসঙ্গে আমরা শক্তিশালী। আলহামদুলিল্লাহ।’
স্ত্রী-সন্তানদের রেখে নানা সমালোচনার মধ্যেই সোমবার হঠাৎই দেশে ফেরেন সাকিব আল হাসান। বুধবার মিরপুর স্টেডিয়ামে অনুশীলনও করেন তিনি। স্ত্রীর এমন উৎসাহে নিশ্চয় অনেকটাই সাহস যোগাবে সাকিবকে।
দুই কন্যার পর গত ১৬ মার্চ পুত্র সন্তানের বাবা হন সাকিব। সে সময় পরিবারের সঙ্গে যুক্তরাষ্ট্রে ছিলেন তিনি। এবারের আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলবেন টাইগার অলরাউন্ডার।
Sylhetnewsbd Online News Paper