সিলেট নিউজ বিডি ডেস্কঃ গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদ ও গ্যাসের নতুন দাম প্রত্যাহারের দাবি জানিয়েছে জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি।
সোমবার দলটির সভাপতি আ স ম আবদুর রব ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ছানোয়ার হোসেন তালুকদার এক বিবৃতিতে বলেন, ভোক্তা পর্যায়ে গ্যাসের দাম বৃদ্ধিতে বাসার রান্নার খরচ বাড়ার সাথে সাথে সার কারখানা ও শিল্পের উৎপাদন খরচ বেড়ে যাবে। বাসায় প্রিপেইড মিটার ব্যবহারকারীদের মাসে খরচ বাড়বে প্রায় ৪৩ শতাংশ। নতুন করে দাম বৃদ্ধিতে নানা সংকটে বিপর্যস্ত জনজীবনকে আরও দুর্দশাগ্রস্ত করে ফেলবে।
নেতারা বলেন, গ্যাস খাতে দুর্নীতি ও অপচয় বন্ধ করলে গ্যাসের দাম বৃদ্ধির প্রয়োজন হতো না। সরকার জনগণের স্বার্থ না দেখে অযৌক্তিক ও লুণ্ঠনমূলক প্রক্রিয়াকেই সুরক্ষা দিয়েছে; যা কোনোক্রমেই গ্রহণযোগ্য নয়।
বিবৃতিতে অবিলম্বে গ্যাসের দাম বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানিয়েছেন নেতারা।
Sylhetnewsbd Online News Paper