সিলেট নিউজ বিডি ডেস্কঃ লন্ডনভিত্তিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলেছে,বাংলাদেশে সহিংসতার তিনটি ভিডিও বিশ্লেষণ করে তারা প্রমাণ পেয়েছে কোটা সংস্কার আন্দোলনে পুলিশ আইনবহির্ভূতভাবে শিক্ষার্থীদের ওপর প্রাণঘাতী অস্ত্রের ব্যবহার করেছে।বিক্ষোভ দমনের সময় আইনশৃঙ্খলা বাহিনীর আইনবহির্ভূতভাবে প্রাণঘাতী ও কম প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের তিনটি ঘটনার ভিডিও যাচাই করেছে অ্যামনেস্টি ও এর ক্রাইসিস এভিডেন্স ল্যাব।গতকাল বৃহস্পতিবার এই প্রতিবেদনে আরোও বলা হয়,আন্দোলন-সহিংসতার প্রেক্ষাপটে বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতি মনিটরিং করার ক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরি করা হয়েছে কারফিউ জারি এবং ইন্টারনেট সেবা বন্ধ করে দেওয়ার মাধ্যমে। এর মধ্যে যেসব ভিডিও এবং আলোকচিত্র পাওয়া যায় সেগুলো যাচাই-বাছাই ও বিশ্লেষণের মাধ্যমে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল পরিস্থিতি পর্যবেক্ষণ করবে।
অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের জ্যেষ্ঠ পরিচালক দেপোরসে মুচেনা বলেন, বাংলাদেশ থেকে আসা ভিডিও এবং আলোকচিত্র অব্যাহতভাবে যাচাই করে ভয়াবহ চিত্র পাওয়া যাচ্ছে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বাংলাদেশ সরকার ও এর আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলোর প্রতি বিক্ষোভের অধিকারের প্রতি সম্মান প্রদর্শন, সহিংস দমনাভিযান এবং যোগাযোগব্যবস্থার ওপর সব ধরনের বিধিনিষেধ অবিলম্বে প্রত্যাহারের আহবান জানাচ্ছে।
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ঢাকার সাভার, বাড্ডা ও রামপুরা এলাকায় সহিংস পরিস্থিতির মধ্যে ধারণ করা তিনটি ভিডিও যাচাই করেছে। তারা বলেছে, সমাবেশ নিয়ন্ত্রণের জন্য আগ্নেয়াস্ত্র ব্যবহার করা যথাযথ উপায় নয়। আগ্নেয়াস্ত্র শুধু তখনই ব্যবহার করা যাবে, যখন মৃত্যু ঘটতে পারে বা গুরুতর আহত হওয়ার মতো হুমকি মোকাবিলার প্রয়োজন জয়। একইসঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মানবাধিকার লঙ্ঘনের সব ঘটনার স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত দাবি করেছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। সেই সঙ্গে সহিংসতার শিকার হয়ে নিহত ব্যক্তিদের পরিবারের সদস্য ও আহত ব্যক্তিদের রাষ্ট্রীয় উদ্যোগে পুনর্বাসন করার দাবি জানায় তারা।
Sylhetnewsbd Online News Paper