সিলেট নিউজ বিডি ডেস্কঃ কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনকে ঘিরে বাংলাদেশে ইন্টারনেট বন্ধ, কারফিউ জারিসহ উদ্ভূত পরিস্থিতিতে বিশ্বের নানা প্রান্তে বিক্ষোভ হয়েছে।কারা, কেন এসব বিক্ষোভ করেছে তা জানতে চেয়ে বিদেশে বাংলাদেশের মিশনগুলোতে চিঠি দিয়েছে সরকার।গত বৃহস্পতিবার (২৫ জুলাই) পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।তিনি বলেন,‘কোথায় কোথায় বিক্ষোভ হয়েছে, এমন খবর আমরা জেনেছি। আমরা জানতে চেয়েছি কারা, কী বিষয়ে বিক্ষোভ করছে। তাই বিদেশে বাংলাদেশের মিশনগুলোয় চিঠি পাঠিয়েছি। এ নিয়ে মিশনগুলো যে দেশে কাজ করে, সেখানকার সরকারের কাছ থেকে তথ্য সংগ্রহ করে আমাদের জানাবে।’এ নিয়ে মিশনগুলো যে দেশে কাজ করে, সেখানকার সরকারের কাছ থেকে বিক্ষোভের ব্যাপারে সুনির্দিষ্ট তথ্য সংগ্রহ করবেন এবং ওই তথ্য ঢাকায় পাঠাবেন।
পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন বলেন, ‘এত দিন আমরা আমাদের মিশনগুলোর মাধ্যমে এখানকার পরিস্থিতি তাদের অবহিত করেছি যাতে তারা তাদের দেশের গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত গুজব ও অসত্য তথ্যে বিভ্রান্ত না হয়।বৃহস্পতিবার পর্যন্ত পররাষ্ট্র মন্ত্রণালয় বিদেশি বাংলাদেশ মিশনগুলোয় অন্তত ছয়টি চিঠি পাঠিয়েছে। এবার আমরা তাদের সহায়তা চেয়ে চিঠি পাঠিয়েছি।’
পররাষ্ট্রসচিব বলেন, ‘আন্তর্জাতিক মাধ্যমেও পক্ষপাতমূলক প্রতিবেদন এসেছে। সে প্রতিবেদনের পাল্টা হিসেবে আমাদের বক্তব্য যাতে তুলে ধরে, সেটি চিঠিতে বলা হয়েছে।’ প্রবাসীরা যাতে গুজব ও বিভ্রান্তির শিকার না হন মিশনগুলোর প্রতি সেই নির্দেশনা আছে । দেশের শেষ সামগ্রিক পরিস্থিতি সম্পর্কে মিশনগুলোকে নিয়মিত হালনাগাদ তথ্য জানানো হচ্ছে। ইন্টারনেট বিচ্ছিন্ন থাকায় দূতাবাস গুলোর সঙ্গে গত বৃহস্পতিবার থেকে মূল যোগাযোগ বন্ধ ছিল তাই দিল্লির মাধ্যমে বা বিভিন্ন জায়গা হয়ে মিশনগুলোকে অবহিত করা হয়েছে।
মালদ্বীপের হোমল্যান্ড সিকিউরিটি অ্যান্ড টেকনোলজি মন্ত্রী আলী ইহসান জানিয়েছেন মালদ্বীপে বিক্ষোভকারী প্রবাসী বাংলাদেশিদের দ্রুত গ্রেপ্তার করে নির্বাসিত করা হবে। এছাড়া আরব আমিরাতে বিক্ষোভ করায় ৫৭ বাংলাদেশির কারাদণ্ড হয়েছে।
Sylhetnewsbd Online News Paper