একদফা দাবিতে জাতীয় ঐক্যের ডাক বিএনপির

সিলেট নিউজ বিডি ডেস্কঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের একদফা দাবিতে জাতীয় ঐক্যের ডাক দিয়েছে বিএনপি। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ ডাক দেওয়া হয়।

এতে বলা হয়, ন্যূনতম একদফা, অবৈধ, ফ্যাসিস্ট, খুনি হাসিনা সরকারের পতনের দাবিতে সকল রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ও শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য জাতীয় ঐক্যের আহ্বান বিএনপির।প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জাতির এই ক্রান্তিলগ্নে বৃহত্তর স্বার্থে, লুণ্ঠিত গণতন্ত্র ও ভোটাধিকার পুনরুদ্ধার, অধিকারহীন জনগণের ও জাতির মুক্তির লক্ষ্যে আমরা উপরোক্ত ন্যূনতম একদফার ভিত্তিতে এবং দাবিতে দেশের সকল গণতান্ত্রিক রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, ব্যক্তি ও শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে একটি ‘জাতীয় ঐক্য’ গঠনের আহ্বান জানাচ্ছি।এতে বলা হয়, আমরা বিএনপি’র নেতৃত্বে যুগপৎ আন্দোলনে সকল শরীকদল ও জোট, বাম-ডান সকল রাজনৈতিক দল, বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ অন্যান্য ধর্মভিত্তিক ও সকল ইসলামি রাজনৈতিক দল এবং সংগঠনের প্রতি ও জাতীয় ঐক্যের আহ্বান জানাচ্ছি।

সময় ও যোগাযোগের প্রতিবন্ধকতার কারণে বিবৃতির মাধ্যমে সম্মতি প্রদান করতে বলা হয় বিজ্ঞপ্তিতে। আরও জানানো হয়, শীঘ্রই সম্মতিপ্রাপ্ত সকলের স্বাক্ষরে যৌথ বিবৃতি প্রদান করা হবে।

পরিশেষে বলা হয়, জাতীয় ঐক্যের এই ঐতিহাসিক ঘোষণা ও দলিল দেশ ও জাতির মুক্তি ত্বরান্বিত করবে ইনশাআল্লাহ।