সিলেট নিউজ বিডি ডেস্কঃ সিলেটে প্রায় কোটি টাকার ভারতীয় পণ্য সহ ৪ জনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।
আটককৃতরা হলেন- বাঘেরহাটের রামপালের তরফদার জালালের ছেলে সিরাজুল ইসলাম (২৬) ও একই এলাকার মো. বক্কার মোল্লার ছেলে শিমুল মোল্লা (২৭) এবং এয়ারপোর্টের পীরেরগাঁও এলাকার আব্দুর রশিদের ছেলে নবী হোসেন (২৬) ও শাহপরান (র.) থানার বালুচরের তাহির আলীর ছেলে মো. মোজাহিদ (৩০)।
পুলিশ জানায়, রোববার মধ্যরাতে সিলেটের শাহপরাণ (রহ.) থানাধীন সুরমা গেইট সংলগ্ন সিএনজি স্ট্যান্ডের পাশে চেকপোস্ট করাকালে ১ টি হলুদ ও নীল রংয়ের লালন শাহ ট্রান্সপোর্ট লেখা কার্ভাড ভ্যান আটক করা হয়। সেখানে তল্লাশী করে ১৪ লাখ ৯৬ হাজার ৪৪০ টাকা মূল্যের ৪ হাজার ৫৩৬ পিস Red Bull ENERGY DRINK, ৬ লাখ ৪৮ হাজার টাকার ১৪ হাজার ৪০০ পিস NEHA Fast Colour মেহেদী, ২৮ লাখ ৮০ হাজার টাকার ৪ হাজার ৮০০ পিস ST ব্রান্ডের চশমা, ৬ লাখ ১২ হাজার টাকার ১ হাজার ২০ পিস Ten-London EYEWEAR ব্রান্ডের চশমা, ১০ লাখ ৬২ হাজার টাকার ৩৫৪ পিস ভারতীয় শাড়ী, ৬ লাখ ৭ হাজার ২০০ টাকার ২৭৬ পিস ভারতীয় থ্রি-পিছ, ১ লাখ ১৫ হাজার টাকার ২৩ পিস ভারতীয় লেহেঙ্গা, ৩৩ হাজার ৬০০ টাকার ৪২ পিস ভারতীয় জামা (ছোটদের টু-পিস) পাওয়া যায়। সবগুলোর মূল্য ৭৪ লাখ ৫৪ হাজার ২৪০ টাকা। সেখান থেকে ২ জনকে আটক করা হয়।
এদিকে ওইদিনই এয়ারপোর্ট থানা এলাকার কোম্পানীগঞ্জ টু সিলেটগামী মহাসড়কের বড়শলা সাকিনাস্থ ক্যাডেট কলেজ ক্যাম্পাস উচ্চ বিদ্যালয়ের সামনে চেকপোস্ট করাকালে একটি রেজিষ্ট্রেশনবিহীন পিকআপসহ ২ জনকে আটক করা হয়। ওই পিকআপে তল্লাশী করে সেখান থেকে ২৮ হাজার ৮ পিস বিভিন্ন ব্রান্ডের ভারতীয় চকলেট, যার আনুমানিক মূল্য ৬ লাখ ৮৬ হাজার ১৬০ টাকা উদ্ধার ও চোরাচালান কাজে ব্যবহৃত পিকআপটি জব্দ করা হয়।
মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, আসামীদেরকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
Sylhetnewsbd Online News Paper