বাংলাদেশে থানার সংখ্যা ৬৩২টি

নতুন আরও দুটি থানার অনুমোদন দিয়েছে প্রশাসনিক পুনর্বিন্যাসসংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার)। এতে বর্তমানে দেশের থানার সংখ্যা দাঁড়ালো ৬৩২টিতে।

আজ সোমবার নিকারের বৈঠকে নরসিংদীর মাধবদীর পুলিশ তদন্ত কেন্দ্র এবং পটুয়াখালীর কলাপাড়ার মহিপুর পুলিশ তদন্ত কেন্দ্রকে থানায় উন্নীত করা হয়। এছাড়া আলফাডাঙ্গা উপজেলা সদরকে পৌরসভায় উন্নীত করা হয়।

আজ সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে নিকারের সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের এ সম্পর্কে ব্রিফিং করেন।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘নরসিংদীর মাধবদীর পুলিশ তদন্ত কেন্দ্রকে থানায় উন্নীতকরণের প্রস্তাব অনুমোদন দিয়েছে নিকার। আগে এ তদন্ত কেন্দ্র নরসিংদী সদর থানায় অন্তর্ভুক্ত ছিল। এখন থেকে আলাদা একটি থানা হবে। এত একজন ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) মোট ২৩টি পদ থাকবে, তা পরে সৃজন করা হবে।

সচিব বলেন, এছাড়া পটুয়াখালী জেলার কলাপাড়া থানার মহিপুর তদন্ত কেন্দ্র থানায় উন্নীতকরণের প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে। কুয়াকাটার বেশ কিছু এলাকা নিয়ে নতুন এ থানা করা হলো।