আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় নানগারহার প্রদেশে মার্কিন ড্রোন হামলায় অন্তত ১৮ ব্যক্তি নিহত হয়েছে। হামলায় নিহতদের মধ্যে এক ডজনেরও বেশি বেসামরিক ব্যক্তি বলে একাধিক আফগান সূত্র জানিয়েছে।
নানগারহার প্রদেশের আইনপ্রণেতা এসমাতুল্লাহ শিনওয়ারি মার্কিন সংবাদ সংস্থা এসোশিয়েটেড প্রেসকে জানিয়েছেন, প্রদেশের আচিন জেলায় একজন উপজাতি নেতা সৌদি আরবে হজ পালন শেষে বাড়ি ফিরলে তাকে স্বাগত জানাতে বহু লোক তার বাড়িতে জড়ো হলে মার্কিন বাহিনী ড্রোনের মাধ্যমে সেখানে হামলা চালালে এসব ব্যক্তি নিহত হয়।
এ ছাড়া, ওই হামলায় উপজাতি নেতাসহ আরো অন্তত ১২ ব্যক্তি আহত হয়েছে বলে জানান তিনি। হামলায় নিহত ১৮ জনের মধ্যে ১৩ জনই বেসামরিক ব্যক্তি বলে একাধিক আফগান সূত্র জানিয়েছে।
এদিকে, বুধবার সকালে আচিন জেলায় সন্ত্রাস বিরোধী বিমান হামলা চালানো হয়েছে বলে আফগানিস্তানে মার্কিন সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল চার্লস ক্লেভেল্যান্ড নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বুধবার আচিন প্রদেশে সন্ত্রাস বিরোধী বিমান হামলা চালানো হয়েছে এবং নিরাপত্তার স্বার্থে এ অভিযান বিষয়ে আমরা বিস্তারিত কিছু প্রকাশ করে নি। তিনি আরো বলেন, সেখানে বেশ কিছু বেসামরিক ব্যক্তি নিহত হওয়ার ব্যাপারে আমরা অবগত আছি এবং সেই সঙ্গে সেখানে ঘটনার তদন্ত চলছে বলেও জানান তিনি।
তবে স্থানীয় আফগান সূত্রগুলো জানিয়েছে, মার্কিন ড্রোন হামলায় অন্তত ২৫ বেসামরিক ব্যক্তি হতাহত হয়েছে।
Sylhetnewsbd Online News Paper