চাঁদপুরে মিনহাজ প্রধান (১৬) নামে এক স্কুলছাত্রকে হত্যার দায়ে ৬ জনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ ও ১ লাখ টাকা করে জরিমানা করেছেন আদালত।
দণ্ডপ্রাপ্ত আসামিরা হচ্ছেন, মতলব উত্তর উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের লামছরি গ্রামের সেলিম প্রধান (৩৫), হাশেম বেপারী (৪২), আলী এরশাদ (৭৩), মনোয়ারা বেগম (৪০), মতিন মিয়া (২৮), ও নান্নু (৪৬)। এদের মধ্যে আলী এরশাদ ছাড়া বাকী আসামিরা পলাতক রয়েছেন।
বৃহস্পতিবার(২৯সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় চাঁদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. মামুনুর রশিদ এ রায় দেন।
মামলার এজহার সূত্রে জানা যায়, ২০০০ সালের ৬ জুন বিকেলে বাবার সঙ্গে কাজ করতে যায় মিনহাজ। এসময় আসামিরা মিনহাজকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। এ অবস্থায় তাকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় পরদিন (৭ জুন) মারা যায় মিনহাজ।
এ ঘটনায় মিনহাজের বাবা ফজলুল হক প্রধান বাদী হয়ে আসামিদের বিরুদ্ধে মতলব উত্তর থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা লুৎফর রহমান ২ বছর তদন্ত শেষে ২০০২ সালের ২৮ ফেব্রুয়ারি আদালতে আসামিদের বিরুদ্ধে প্রতিবেদন দাখিল করেন। মামলাটি দীর্ঘ ১৫ বছর চলমান অবস্থায় ২৫ জনের সাক্ষ্যগ্রহণ করা হয়।
Sylhetnewsbd Online News Paper