পর্তুগালের সাবেক প্রধানমন্ত্রী অ্যান্টোনিও গুটারেস জাতিসংঘের নতুন মহাসচিব হচ্ছেন। আনুষ্ঠানিক ভোটাভুটিতে এগিয়ে থাকায় তাকে নতুন মহাসচিব করা হচ্ছে। গুটারেস জাতিসংঘের বর্তমান মহাসচিব বান কি মুনের স্থলাভিষিক্ত হচ্ছেন। খবর বিবিসির।
বুধবার জাতিসংঘের পাঁচ স্থায়ী সদস্য ও নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যরা ষষ্ঠবারের মতো গোপন ভোট দেন। এতে গুটারেস ১৩টি আগ্রহী ভোট পান আর মন্তব্য নয় এমন ভোট পান দুটি।
ভোটে নিরাপত্তা পরিষদের স্থায়ী পাঁচ সদস্যের কেউ গুটারেসের বিরুদ্ধে ভেটো ক্ষমতা প্রয়োগ না করায় তিনিই জাতিসংঘের পরবর্তী মহাসচিব হচ্ছেন বলে জানিয়েছেন কূটনীতিকরা। ৬৭ বছর বয়সী এই পর্তুগিজ ‘পরিষ্কার এগিয়ে’ আছেন বলে জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত ভিটালি চারকিন জানিয়েছেন।

বৃহস্পতিবার জাতিসংঘ নিরাপত্তা কাউন্সিলে এ বিষয়ে আনুষ্ঠানিক ভোট হওয়ার কথা রয়েছে। এতে তার মনোনয়ন চূড়ান্ত করা হবে। এরপর তা ১৯৩ সদস্যের সাধারণ পরিষদে তোলা হবে। মহাসচিব পদে ১৩ প্রার্থী অংশ নিলেও পরবর্তীতে তিনজন প্রার্থিতা প্রত্যাহার করে। শেষ পর্যন্ত ১০ জন মহাসচিব হওয়ার জন্য লড়াই করেন।
গত এক দশক ধরে পর্তুগালের সাবেক প্রধানমন্ত্রী অ্যান্তোনিও গুটারেস জাতিসংঘের শরণার্থী বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন।
দুই দফা দায়িত্ব পালন শেষে বর্তমান মহাসচিব বান কি-মুন এ বছরের ৩১ ডিসেম্বর বিদায় নেবেন। সে হিসেবে আগামী বছরের শুরুতে গুটারেস নতুন দায়িত্বভার গ্রহণ করবেন।
Sylhetnewsbd Online News Paper