সিলেট নিউজ বিডি: জনগণ গ্রহণযোগ্য ও প্রত্যাশিত নির্বাচন কমিশন চায় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
আইন ও সংবিধানের প্রতি শ্রদ্ধাশীল হয়ে সকলের কাছে গ্রহণযোগ্য ব্যক্তিদের দিয়ে নির্বাচন কমিশন গঠনেরও আহ্বান জানিয়েছেন তিনি।
নজরুল ইসলাম বলেন, নির্বাচন মানে এমন এক প্রক্রিয়া, যার মাধ্যমে জনগণ স্বাধীনভাবে, নির্ভয়ে তাদের ইচ্ছা প্রকাশ করতে পারবেন। তাই সকলের কাছে গ্রহণযোগ্য ও প্রত্যাশিত নির্বাচন কমিশন চায় জনগণ।
শুক্রবার রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনে জনগণের প্রত্যাশা শীর্ষক এই আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ ইসলামিক পার্টি।
নজরুল ইসলাম খান বলেন, আমরা বলছি না, নির্বাচন কমিশনে আমাদের পছন্দের লোক নিয়োগ দিতে হবে। তবে যাদের নিয়োগ দেওয়া হবে তাদের হতে হবে সৎ, নিরপেক্ষ ও সাহসী। যেন তারা সুষ্ঠুভাবে নির্বাচন পরিচালনা করতে পারেন।
তিনি আরো বলেন, সরকারের ওপর অর্পিত দায়িত্ব পালনে আরেকবার ব্যর্থ হলে জনগণ জেগে উঠবে। জনগণ তাদের ভোটাধিকারের মাধ্যমে সরকার গঠন করতে চায়।
আয়োজক সংগঠনের চেয়ারম্যান আবু তাহের চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন সংগঠনের মহাসচিব আবুল কাশেম, যুগ্ম-মহাসচিব মাহামুদুল হাসান, লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম প্রমুখ।
Sylhetnewsbd Online News Paper