খাদিজা হত্যাচেষ্টা মামলার চার্জশিট দাখিল

সিলেট নিউজ বিডি: ছাত্রলীগ নেতা বদরুল ইসলামকে আসামি করে কলেজছাত্রী খাদিজা আক্তার নার্গিস হত্যাচেষ্টা মামলার চার্জশিট (অভিযোগপত্র) দাখিল করা হয়েছে।
মঙ্গলবার (০৮ নভেম্বর) মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (দক্ষিণ) জেদান আল মুসা চার্জশিটের ব্যাপারটি নিশ্চিত করেছেন।

তিনি জানান- এ মামলায় ৩৬ সাক্ষী রাখা হয়েছে। এর মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
সিলেট মহানগর পুলিশের সহকার কমিশনার (প্রসিকিউশন) আব্দুল আহাদ চার্জশিট তৈরি করেছেন, ১৫ তারিখ তা আদালতে উপস্থাপন হবে।
ফৌজদারি এই মামলায় পুলিশ অভিযোগপত্র দেওয়ার পর তা বিচারের জন্য প্রস্তুত হবে। অভিযোগ গঠনের পর বিচার শুরু হয়ে সাক্ষ‌্যগ্রহণের পর রায় হবে।
গত ৩ অক্টোবর এমসি কলেজ ক্যাম্পাসে সিলেট সরকারি মহিলা কলেজের ছাত্রী খাদিজাকে চাপাতি দিয়ে কুপিয়ে আহত করে শাবি ছাত্র বদরুল আলম। বদরুল শাবি ছাত্রলীগের সহ-সম্পাদক।

খাদিজার উপর হামলার ঘটনায় দেশজুড়ে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। বদরুলের দ্রুত শাস্তি নিশ্চিতের দাবি ওঠে সর্বত্র। দেশজুড়ে বিক্ষোভ-প্রতিবাদের মুখে সরকারের উচ্চ মহল থেকেও বদরুলের দ্রুত শাস্তি নিশ্চিতের আশ্বাস দেওয়া হয়।
খাদিজার উপর হামলার পরপরই বদরুলকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেন এমসি কলেজের শিক্ষার্থীরা। এরপর আদালতেও স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন বদরুল।
হামলার পর খাদিজাকে উদ্ধার করে প্রথমে ওসমানী হাসপাতাল ও পরে ঢাকার স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ১০ দিন লাইফ সাপোর্টে থাকার পর ১৩ অক্টোবর খাদিজার লাইফ সাপোর্ট খুলে নেওয়া হয়। খাদিজার অবস্থা এখন উন্নতির পথে। সরকারের পক্ষ থেকে খাদিজার চিকিৎসার ব্যয় বহনের আশ্বাস দেওয়া হয়েছে।
হামলার পরদিন খাদিজার চাচা বাদী হয়ে নগরীর শাহপরাণ থানায় বদরুলকে একমাত্র আসাসি করে হত্যাচেষ্টা মামলা দায়ের করেন।