পল্টনে পুলিশের ওপর হকারদের হামলা

সিলেট নিউজ বিডিঃ রাজধানীর পল্টন এলাকায় উচ্ছেদ অভিযান চালানোর সময় পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়েছে হকাররা। সোমবার বেলা দেড়টার দিকে এই সংঘর্ষ শুরু হয়। উচ্ছেদের বিরোধীতা করে হকাররা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। এসময় আতঙ্কিত পথচারীরা দ্বিগ্বিদিক ছোটাছুটি করে।

গত ১১ জানুয়ারি হকারদের সংগঠন হকার্স ফেডারেশনের সঙ্গে মতবিনিময়ের সময় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন জানান, হকাররা ফুটপাতে বসতে পারবে কেবল সন্ধ্যার পর। তিনি বলেছিলেন রবিবার থেকে গুলিস্তান, মতিঝিল ও রমনা এলাকায় কোনো হকার বসতে পারবে না। সড়ক না ছাড়লে তাদের বিরুদ্ধে অভিযান চালানো হবে।

মেয়রের এমন ঘোষণার পর গতকাল মতিঝিল, পল্টন ও গুলিস্তানে উচ্ছেদ অভিযান চালানোর সময় পুলিশের সঙ্গে হকারদের সংঘর্ষ হয়। কিছু সময় পর উচ্ছেদ অভিযান গতকালের মতো স্থগিত করা হয়।

আজ দুপুরের দিকে ফের উচ্ছেদ অভিযানে নামে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। পল্টন এলাকার অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে আসলে হকারদের নিয়ে কমিউনিস্ট পার্টির জলি তালুকদার তাদের বাধা দেয়। তারপরেও উচ্ছেদ অভিযান চালালে হকাররা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়ে মারে। তবে এ সময় কাউকে আটক করতি পারেনি পুলিশ। সংঘর্ষের কারণে ওই এলাকায় উত্তেজনা বিরাজ করে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।