সিলেট নিউজ বিডি ডেস্ক: মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে দেশে যে মুক্তি মিলেছিল বর্তমান সরকার সেটা ধ্বংস করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভাইস চেয়্যারম্যান আব্দুল্লাহ আল নোমান। তিনি বলেন, এই হারিয়ে যাওয়া অর্জন ফিরিয়ে দিতেই খালেদা জিয়ার ভিশন ২০৩০ দিয়েছেন।
বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে নোমান এসব কথা বলেন। তিনি বলেন, ‘এই সরকার মুক্তিযুদ্ধের সব অর্জন ধ্বংস করেছে, আমরা তা ফিরিয়ে দিতে চাই।’
বিএনপির যুগ্ম মহাসচিব, খায়রুল কবির খোকনের নি:শর্ত মুক্তির দাবিতে মানববন্ধনের আয়োজন করে জাতীয়তাবাদী জিয়া সমাজকল্যাণ পরিষদ।
স্বৈরাচারী সরকারের পতন ঘটাতে আন্দোলনের কোন বিকল্প নেই উল্লেখ করে নোমান বলেন, ‘আন্দোলনের মধ্য দিয়েই এই সরকারের পতন ঘটানো হবে। আন্দোলন সংগ্রাম ছাড়া ইতিহাসে কোন স্বৈরাচারী সরকারের পতন হয়নি।’
বিএনপি নেতা বলেন, ‘পাকিস্তান আমলে আইয়ুব সরকার, ইয়াহিয়া সরকার আর বাংলাদেশে মুজিব সরকার নিজেদের স্বৈরাচারী শাসন টিকিয়ে রাখার জন্য অনেক নির্যাতনমূলক আইন করেছিল। কিন্তু তাদের শেষ রক্ষা হয়নি, এই সরকারেরও হবে না।’
আগামীতে বিএনপি ক্ষমতায় গেলে প্রধানমন্ত্রীর ক্ষমতা হ্রাস করা হবে উল্লেখ করে বিএনপির ভাইস চেয়ারম্যান বলেন, ‘প্রধানমন্ত্রী যে দলেরই হোক ক্ষমতা খর্ব করা হবে। কারণ প্রধানমন্ত্রীর একক ক্ষমতা থাকলে তিনি স্বৈরাচারী হয়ে উঠেন।’
হাওরের দুর্ভোগ প্রসঙ্গে সরকারের সমালোচনা করে নোমান বলেন, ‘তারা আমাদের বলে আমরা নাকি ফটোসেশন করতে যাই, ত্রাণ দিতে নয়। হাওরের জেলাগুলোর মানুষ জানে আমরা কেন গিয়েছিলাম, বরং সরকারেরই হাওর এলাকার মানুষদের বাঁচানোর কোন উদ্যোগ নেই।’
আয়োজক সংগঠনের সভাপতি এম গিয়াস উদ্দিন খোকনের সভাপতিত্বে মানববন্ধনে বিএনপির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দীন বকুল, জাতীয়তাবাদী দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন, সাবেক ছাত্রনেতা সাইফ উদ্দীন মনির প্রমুখ বক্তব্য রাখেন।
Sylhetnewsbd Online News Paper