হাসিনা-সিরিসেনা বৈঠক, ১৪ চুক্তি-সমঝোতা সই

সিলেট নিউজ বিডি ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা শ্রীলংকার প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নিয়েছেন।

আজ শুক্রবার সকাল ৯টা ৫৫ মিনিটে প্রধানমন্ত্রীর কার্যালয়ে যান মাইথ্রিপালা সিরিসেনা। সেখানে তাকে ফুল দিয়ে স্বাগত জানান প্রধানমন্ত্রী।

গতকাল বৃহস্পতিবার বেলা ১১টা ২৫ মিনিটে শ্রীলংকান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকায় পৌঁছেন মাইথ্রিপালা সিরিসেনা। এ সময় রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ শ্রীলংকার প্রেসিডেন্টকে বিমানবন্দরে স্বাগত জানান।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে তিন দিনের সফরে বাংলাদেশে আসেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা।

এর মধ্যে দুই দেশের কূটনীতিক ও সরকারি কর্মকর্তাদের ভিসাবিহীন চলাচলের বিষয়ে একটি চুক্তিতে সই করেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল ও শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী রবী করুনানায়েকে।

এছাড়া অর্থনৈতিক ও কৃষি খাতে সহযোগিতা, উচ্চ শিক্ষা, বিনিয়োগ কর্তৃপক্ষ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, উভয় দেশের কেন্দ্রীয় ব্যাংকের মধ্যে, পররাষ্ট্র সেবা বিষয়ক ইন্সটিটিউট, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের গবেষণা প্রতিষ্ঠান ‘বিস’ ও শ্রীলঙ্কার এলকেআইআইআরএসএস’র মধ্যে এবং রেডিও, টেলিভিশন ও চলচ্চিত্র, দুদেশের মান নিয়ন্ত্রণ প্রতিষ্ঠান, সংবাদ সংস্থা এবং চট্টগ্রাম বিজিএমইএ ফ্যাশন ইন্সটিটিউট ও শ্রীলঙ্কা টেক্সটাইল ও অ্যাপারেল ইন্সটিটিউটের মধ্যে সহযোগিতা বাড়াতে বাকি চুক্তি ও সমঝোতা স্মারকগুলো সাক্ষরিত হয়।

দুই পক্ষই আশা করছে, শ্রীলঙ্কার প্রেসিডেন্টের এই সফর পারস্পারিক সহযোগিতার ক্ষেত্রে নতুন সুযোগ তৈরি করবে।

শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রেসিডেন্ট সিরিসেনা। সেখানে তার সম্মানে দেওয়া এক ভোজেও অংশ নেবেন তিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও সেখানে থাকবেন।

এই সফরে ৭৩ সদস্যের একটি প্রতিনিধি দল শ্রীলঙ্কার প্রেসিডেন্টের সঙ্গে রয়েছে। শনিবার ঢাকা ছাড়ার আগে একটি বাণিজ্য সংলাপে অংশ নেওয়ার কথা রয়েছে তার।