ফ্রান্সে দাবানলে পুড়েছে চার হাজার হেক্টর এলাকা

সিলেট নিউজ বিডি ডেস্ক: ফ্রান্সের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় এলাকায় তীব্র দাবানল বিস্তার লাভ করেছে। ওই দাবানলের সঙ্গে লড়াই করার জন্য ইউরোপীয় ইউনিয়নভুক্ত প্রতিবেশীদের কাছে আরো সাহায্য চেয়েছে ফ্রান্স।

দাবানলের কারণে ফ্রান্সের এ অঞ্চল থেকে একরাতের মধ্যে ১০ হাজার লোককে সরিয়ে নেয়া হয়েছে। দাবানলে দেশটির ভূমধ্যসাগর উপকূলীয় এলাকাজুড়ে চার হাজার হেক্টর এলাকা পুড়ে গেছে, এর মধ্যে মূল ভূখণ্ডের পবর্তময় এলাকা ও কর্সিকা দ্বীপের অংশ রয়েছে।

জনপ্রিয় অবকাশযাপন এলাকা সান্ত ত্রোপের কাছে একটি এলাকাতেও দাবানল ছড়িয়ে পড়েছে। প্রভোস আল্পে কোত দ্য জিও অঞ্চলের বোমে লেমি মুজার কাছে দাবানলের সঙ্গে লড়াই করতে কয়েকশ দমকল কর্মীকে মোতায়েন করা হয়েছে।

কর্সিকায় কয়েকশত ঘরবাড়ি থেকে বাসিন্দাদের সরিয়ে নেয়া হয়েছে। দুই এলাকা মিলিয়ে চার হাজারেরও বেশি দমকল কর্মী অগ্নিনির্বাপণ বিমানগুলোর সহায়তায় নিয়ে সোমবার থেকে আগুন নিভানোর চেষ্টা করে যাচ্ছে।

প্রভোস আল্পে কোত দ্য জিওর ক্যাম্পিং সাইট থেকে ব্রিটিশ পর্যটক লিসা মিনোট জানিয়েছেন, স্থানীয় কর্তৃপক্ষ আবকাশ যাপনে আসা পর্যটকদের সমুদ্র সৈকতেই অবস্থান করতে বলেছে, ক্যাম্প সাইটগুলো নিরাপদ না হওয়ায় সেখানে যেতে নিষেধ করেছে। এর মধ্যেই কিছু ক্যাম্পসাইট আগুনে ধ্বংস হয়ে গেছে বলে খবর পেয়েছি। সূত্র: বিবিসি