বার্সেলোনার হামলার দায় স্বীকার করেছে আইএস

সিলেট নিউজ বিডি ডেস্ক: স্পেনের বার্সেলোনার পর্যটন এলাকা লাস র‌্যামব্লাসে হামলার দায় স্বীকার করেছে আইএস। আইএসের কথিত সংবাদ সংস্থা আমাক বলেছে, তাদের সৈন্যরা বার্সেলোনায় এই হামলা চালিয়েছে।

বৃহস্পতিবার লাস র‌্যামব্লাসে মানুষের ভিড়ের মধ্যে দ্রুতগতির একটি ভ্যান উঠিয়ে দেওয়া হয়। এতে অন্তত ১৩ জন নিহত এবং ৫০ জন আহত হন।

প্রত্যক্ষদর্শীরা জানান, লাস র‌্যামব্লাস এভিনিউয়ে দ্রুতগতির ভ্যানটি পথচারিদের উপর উঠিয়ে দিলে অনেকে মাটিতে লুটিয়ে পড়েন।

টম গুয়েলার নামে একজন প্রত্যক্ষদর্শী বলেন, আমি অনেকের আর্তনাদ ও ভাঙাচোরার শব্দ শুনতে পাই। তারপরই দেখি ভ্যানটি রামব্লাসের মাঝ বরাবর এগিয়ে যাচ্ছে। ভ্যানটি মোটেই গতি কমায়নি। এটা ভিড়ের মাঝখান দিয়ে সোজা চলে যাচ্ছিল।

এদিকে এ হামলাকে সন্ত্রাসী হামলা বলছে কাতালান পুলিশ। দেশটির প্রধানমন্ত্রী মারিয়ানো রাজোয় বলেছেন, এটি জঙ্গি হামলা।

তবে সেখানকার পুলিশ এই হামলা প্রতিরোধ করেছে। এসময় পুলিশের গুলিতে ৫ হামলাকারী নিহত হয়। এই হামলাকারীরা সুইসাইড ভেস্ট পরে ছিল বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনার পর পুরো এলাকাটি পুলিশ ঘিরে রেখেছে। কাছাকাছি মেট্রো ও ট্রেন স্টেশনগুলোও বন্ধ করে দেওয়া হয়েছে।