‘আদালতকে হেনস্থা করেছেন খালেদা জিয়া’

সিলেট নিউজ বিডি ডেস্ক: বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া আদালতকে হেনস্থা করেছেন বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, জিয়ার অরফানেজ ও চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় হাজিরা দিয়ে খালেদা জিয়া অভিযোগ করেছেন, আদালত নাকি তাকে হেনস্তা করছে, তবে আমি বলবো তিনি (খালেদা জিয়া) আদালতকে হেনস্থা করেছেন।

শুক্রবার (২০ অক্টোবর) সকালে রাজধানীর গুলশানের ইউথক্লাবে মাঠে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সদস্য সংগ্রহ ও নবায়ন অনুষ্ঠানে এ কথা বলেন ওবায়দুল কাদের।

তিনি বলেন, বৃহস্পতিবার বকশিবাজারে স্থাপিত বিশেষ জজ আদালতের অস্থায়ী এজলাস প্রাঙ্গণে খালেদা জিয়ার মামলার বিষয়ে বক্তব্য দেওয়া নিয়ে ধাক্কাধাক্কি ও হাতাহাতি করেছেন বিএনপিপন্থি আইনজীবীরা। এতেই প্রমাণিত হয় তাদের আইনের প্রতি শ্রদ্ধা নেই।

তিনি বলেন, ‘বারে বারে আদালতে অনুপস্থিত থেকে, বারে বারে আদালতের কাছ থেকে সময় নিয়ে তিনি (খালোদা জিয়া) বিচার কাজকে বিলম্বিত করছেন, আদালতকে হেনস্তা করছেন। গতকাল ওনার দলের আইনজীবীদের হাতাহাতি প্রমাণ করে তাদের আইনের প্রতি শ্রদ্ধা নেই। তারা ক্ষমতায় গেলে কি অবস্থা হবে সেটা আপনারা বুঝতে পারছেন।’

দেশের অনেক সংবাদ মাধ্যম আওয়ামী লীগের প্রতি সুবিচার করছে না এমন অভি‌যোগ ক‌রে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘আমাদের নেত্রী দেশরত্ন শেখ হাসিনাকে নেতাকর্মীরা সংবর্ধনা জানিয়েছে, সংবর্ধনায় আমাদের কোন নেতাকর্মী কি রাস্তায় এসেছে? কেউ রাস্তায় এসেছে? তাদের (বিএনপির) যা উপস্থিতি এর চেয়ে বেশি ছিল আমাদের মহিলা উপস্থিতি। তারপরও কেউ রাস্তা অবরোধ করে স্লোগান তুলে আমাদের নির্দেশ কেউ অমান্য করেন নি।’

তি‌নি ব‌লেন, অথচ ঐদিন বিএনপির নেতাকর্মীরা এমন এক অরাজকতা, রাস্তা দখল করে মিছিল করেছে, বিশৃঙ্খলা করেছে, এরা ক্ষমতা পেলে কি করবে? এটা দেশের জনগন গতকাল হাড়ে হাড়ে উপলব্ধি করেছে।’