সিলেট নিউজ বিডি ডেস্ক: মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গা শরণার্থীদের ত্রাণ দিতে কক্সবাজারে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। শনিবার (২৮ অক্টোবর) সকাল ১০টা ৪০ মিনিটে তিনি রওনা দেন। প্রথমে রাজধানীর গুলশানের বাসা ফিরোজা থেকে তার গাড়িবহর বের হয়।
পরে গুলশানে চেয়ারপারসনের কার্যালয় ও নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে যুক্ত হয় অপেক্ষমাণ গাড়িবহর। এর মধ্যে নয়াপল্টন থেকে খালেদা জিয়ার বহরে যুক্ত হয়েছে প্রায় দুই শতাধিক গাড়িবহর। এই বহর এগিয়ে যাবে কাঁচপুর পর্যন্ত।
পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী, খালেদা জিয়া তার গাড়িবহর নিয়ে ফেনীতে যাত্রাবিরতি করবেন। সেখানে দুপুরের খাবার ও জোহরের নামাজ আদায় করে ফের রওনা দেবেন চট্টগ্রামের দিকে।
এদিকে, বিএনপির ত্রাণ কমিটির দায়িত্বশীলরা জানান, রোহিঙ্গা শিশুদের মধ্যে বিতরণের জন্য প্রায় ১০ হাজার শিশুখাদ্যের প্যাকেট তৈরি করা হয়েছে। এই শিশুখাদ্য গণস্বাস্থ্য কেন্দ্র তৈরি করেছে।
সূত্রগুলো জানায়, কয়েকদিন আগে রোহিঙ্গাদের ত্রাণ দেওয়ার বিষয়ে একটি পর্যালোচনা বিষয়ক বৈঠক হয় দলীয় মহাসচিব মির্জা ফখরুল ইসলামের সভাপতিত্বে। ওই বৈঠকেই চাল, শিশুখাদ্য ও বস্ত্র দেওয়ার সিদ্ধান্ত হয়। এ মাসে মহাসচিব নিজেই রোহিঙ্গাদের অবস্থা দেখতে উখিয়ায় গিয়েছিলেন। তার পরিদর্শনের সময়ই বিষয়টি উঠে আসে যে, রোহিঙ্গারা ডাল, সয়াবিন তেল খাদ্য হিসেবে গ্রহণ করে না।
আগামী ৩০ অক্টোবর সোমবার উখিয়ায় চারটি রোহিঙ্গা ক্যাম্পে ত্রাণ বিতরণ করবেন খালেদা জিয়া। স্থানগুলো হলো— বালুখালী-১, বালুখালী-২, হাকিমপাড়া ও ময়নারগুনা। এদিন সকাল ১১ টা থেকে দুপুর দুইটা পর্যন্ত তিনি সেখানে থাকবেন।
Sylhetnewsbd Online News Paper