‘চট্টগ্রাম সড়ক অচল করে দিয়েছেন খালেদা’

সিলেট নিউজ বিডি ডেস্ক: রোহিঙ্গাদের ত্রাণ দেয়ার নামের ঢাকা-চট্টগ্রাম মহা সড়ক অচল করে দিয়েছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক ও সেতু পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের। রবিবার বিকালে রাজধানীর তেজগাঁওয়ে নিরাপদ সড়ক দিবস উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এমন মন্তব্য করেন।

তিনি বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাওয়ার কারণে সৃষ্ট যানজটে ত্রাণবাহী ট্রাক চলাচল বন্ধ রয়েছে। খালেদা জিয়া রোহিঙ্গাদের ত্রাণ দেওয়ার নামে ঢাকা, কক্সবাজার, চট্টগ্রাম সড়ক ৭ দিনের জন্য অচল করে দিয়েছেন। এত গাড়ি, যানজটে মহাসড়ক অচল হয়ে গেছে।

তিনি বলেন, ত্রাণের গাড়ি কই? আপনি কত ত্রাণ দিবেন? অথচ আপনার কারণে শত শত ত্রাণের গাড়ি যেতে পারছে না। এটা কোনো দায়িত্বশীলতার পরিচয়, সেটা আমি জানতে চাই।

কাদের বলেন, ‘বিএনপির সাধারণ সম্পাদক বলেছেন- সরকার তার নেত্রীর জনপ্রিয়তায় ইর্ষান্বিত। অথচ ঢাকা-চট্টগ্রামের কোথাও ৫ হাজার লোকের সমাবেশও হয়নি। জনগণ না থাকলে জনপ্রিয়তা আসবে কোথা থেকে?

তিনি বলেন, খালেদা জিয়া নাকি অসুস্থ। অসুস্থতা নিয়ে সড়কে বের হয়ে যানজট তৈরি করে আপনি দায়িত্বশীলতার পরিচয় দেননি। কি দরকার ছিল আপনার ত্রাণ দিতে যাওয়ার?

কাদের বলেন, চকরিয়া সার্কিট হাউজে আমি বলে দিয়েছি তার থাকা-খাওয়ার সমস্যা হলে ব্যবস্থা করতে। আমরা কাউকে অসম্মান করতে চাই না। তার খোঁজ আমি রাখছি, কিছুক্ষণ পরেই তিনি কক্সবাজার পৌঁছে যাবেন।

প্রসঙ্গত, গতকাল শনিবার কক্সবাজারের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আগামীকাল সোমবার কক্সবাজারে রোহিঙ্গাদের মাঝে ত্রাণ বিতরণ করবেন তিনি