মস্তফা উদ্দিন,সিলেট নিউজ বিডি: বড়লেখা উপজেলায় যুবলীগের ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকীর মিছিলে দুই গ্রুপের মধ্য ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।
শনিবার দুপুরে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আনন্দ মিছিল স্টেশনরোড এলাকায় আসলে অপর পক্ষ সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষে উভয় পক্ষের ৬ জন নেতাকর্মী আহত হন। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে। সংঘর্ষের ঘটনায় উপজেলা যুবলীগ দক্ষিণ বাজারে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে।
জানা গেছে, যুবলীগের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শনিবার দুপুরে উপজেলা যুবলীগ পৌর শহরে আনন্দ মিছিল বের করে, মিছিলটি শহরের রেলস্টেশন এলাকায় পৌঁছামাত্র যুবলীগের একটি গ্রুপ লাঠিসোটা নিয়ে আনন্দ মিছিলে হামলা চালায়। এসময় প্রতিষ্ঠাবার্ষিকীর আনন্দ মিছিলের ব্যানার ও কেড়ে নেয়া হয়। এতে উত্তর শাহবাজপুর ইউনিয়ন যুবলীগ সভাপতি আলিম উদ্দিন সহ ৬ নেতাকর্মী আহত হন। হামলার ঘটনায় উপজেলা যুবলীগ তাৎক্ষণিক প্রতিবাদ সভার আয়োজন করে।
পৌর মিলনায়তনে উপজেলা যুবলীগের সভাপতি তাজউদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কামাল হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত পুর্ব নির্ধারিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি মুক্তিযোদ্ধা মুহাম্মদ সিরাজ উদ্দিন, সাধারণ সম্পাদক আনোয়ার উদ্দিন, উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর, পৌর মেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী, সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সোয়েব আহমদ প্রমুখ।
উপজেলা যুবলীগের সভাপতি তাজ উদ্দিন শনিবার সন্ধ্যায় বলেন, ‘শান্তিপূর্ণ আনন্দ মিছিলে যুবলীগের কিছু নেতাকর্মী হামলা চালায়। এতে সংগঠনের শাহবাজপুর ইউপি সভাপতিসহ কয়েকজন আহত হন।
বড়লেখা থানার এসআই অমিতাভ দাস তালুকদার জানান, বড় ধরনের কোনো বিশৃঙ্খলা হয়নি। দুটি গ্রুপের মধ্যে কথা কাটাকাটির জেরে ঘটনাটি ঘটেছে। পরিস্থিতি শান্ত রয়েছে।
এর আগে যুবলীগের ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়।

Sylhetnewsbd Online News Paper