১২০০ টাকায় সোনার তৈরি কমোড ব্যবহার করতে পারবেন

সিলেট নিউজ বিডি ডেস্ক: টয়লেটে গিয়ে সোনার তৈরি কমোড ব্যবহারের সাধ যদি করো থেকে থাকে, তাহলে তার উচিত হবে নিউইয়র্কের গাগেনহেইম জাদুঘরে প্রবেশ করা। সেখানে যে কোনো ব্যক্তিকে সোনার তৈরি কমোড ব্যবহারের সুযোগ করে দিচ্ছে জাদুঘর কর্তৃপক্ষ। এ জন্য কাড়ি কাড়ি অর্থ খরচ করারও প্রয়োজন নেই। জাদুঘরে প্রবেশের জন্য টিকিটের নির্ধারিত মূল্য প্রদান করলেই চলবে। সেই মূল্যও খুব বেশি নয়, মাত্র ১৫ মার্কিন ডলার। বাংলাদেশের মুদ্রায় যা প্রায় ১২০০ টাকা (১ ডলার= ৭৮.৩৪ টাকা দরে)।

জাদুঘর কর্তৃপক্ষ জানিয়েছে, মোট ১৮ ক্যারেট স্বর্ণ দিয়ে তৈরি করা হয়েছে ওই কমোডটি। এটি তৈরি করেছেন বিশ্বখ্যাত ইতালিয়ান চিত্রশিল্পী ও ভাস্বর মাউরিজিও কাতেলান। মূলত ভাস্কয্য শিল্প হিসেবেই স্বর্ণের কমোডটি তৈরি করা হয়েছে। তবে তা সাধারণ কমোডের মতোই পুরোপুরি ব্যবহারযোগ্য। জাদুঘরে আসা দর্শনার্থীদের সবাই এটি ব্যবহার করতে পারবেন কেবল প্রবেশ মূল্যের বিনিময়েই।
(এটি যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের গাগেনহেইম জাদুঘর)

সোনার তৈরি এই কমোডটির নাম দেওয়া হয়েছে আমেরিকা। মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকদের সমঅধিকার নিশ্চিত করার কার্যক্রমের অংশ হিসেবেই এই কমোডটি সকলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে বলে জানিয়েছে জাদুঘর কর্তৃপক্ষ।

জাদুঘরের চতুর্থ তলার একটি বাথরুমে স্থাপন করা হয়েছে এই স্বর্ণ কমোড। কেউ যেন এটির কোনো ক্ষতি করতে না পারে সেজন্য বাথরুমের দরজার পাশে সব সময় একজন নিরাপত্তা কর্মীর সজাগ উপস্থিতি থাকবে।

কমোডটি প্রতি ১৫ মিনিট পরপর পরিষ্কার করবে জাদুঘরের পরিছন্নতাকর্মীরা। তবে এটি পরিষ্কারের ক্ষেত্রে কিছু সাবধানতা অবলম্বন করতে হবে তাদের। কমোডে ব্যবহৃত স্বর্ণের যেন কোনো ক্ষতি না হয় এ জন্য পরিষ্কারের ক্ষেত্রে রং ও গন্ধহীন এবং স্বর্ণের সঙ্গে বিক্রিয়া করে না এমন কেমিক্যাল ব্যবহার করতে হবে। এ ছাড়া কমোডটিকে মাঝে মধ্যেই গরম পানির ভাঁপ দিতে হবে এবং ব্যবহৃত স্বর্ণের ওপর হালকা পালিশ দিতে হবে।

শুক্রবার (১৬ সেপ্টেম্বর) থেকে এই স্বর্ণের কমোডটি আনুষ্ঠানিকভাবে জাদুঘরের দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করে দেওয়ার কথা।