হেফাজতের আমির আহমদ শফী এবার মোবাইল নিয়ে সমালোচনায়

এবার মোবাইল নিয়ে সমালোচনা করেছেন হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফী। শনিবার রাতে চট্টগ্রামের জমিয়াতুল ফালাহ জাতীয় মসজিদ ময়দানে দুদিনব্যাপী শানে রেসালাত সম্মেলনের শেষ দিনে সভাপতির বক্তব্যে তিনি বলেন, বর্তমানে ইহুদিদের উৎপাদিত মুসলিম ধ্বংসকারী মোবাইলের কারণে সমাজে অস্থিরতা ব্যাপক হারে বেড়ে গেছে। মোবাইল ফোনের কারণে মানসিক অস্থিরতা, অশান্তি ও সন্তান ও স্বামীকে হত্যাকাণ্ডের মতো ঘটনা বেড়ে যাচ্ছে বলে জানান তিনি।

আহমদ শফী বলেন, এই ইয়াহুদ (ইহুদি) আমাদেরকে ধ্বংস করার জন্য চাইতেছে মোবাইলিজম সৃষ্টি কইরা। আপনারা আমার মতে একমত নি?’

হেফাজত আমির আরো বলেছেন, ছেলেমেয়েরা মাত্রাতিরিক্ত মোবাইল ফোন ব্যবহারের কারণে মানসিক অস্থিরতা থেকে সমাজে অশান্তি সৃষ্টি হচ্ছে।

শফী বলেন, পবিত্র কোরান ও রাসুল (সা.)-এর সুন্নাহর অনুসরণ ছাড়া মানবতার কোনো কল্যাণ হবে না।

সম্মেলনে হেফাজতে ইসলামের মহাসচিব জুনাইদ বাবুনগরী, মাওলানা নুরুল ইসলাম ওলিপুরী, মাওলানা আজিজুল হক আল মাদানী বক্তব্য দেন। হেফজতে ইসলাম বাংলাদেশ এ সম্মেলনের আয়োজন করে।