ছাতকে মাঠে মাঠে দোলছে সোনালি ধান: আনন্দে কৃষকরা

হেলাল আহমদ,সিলেট নিউজ বিডি: ছাতকে মাঠে মাঠে দোলছে পাকা-আধপাকা সোনালি ধান। মৃদু বাতাসে ফলে ভরা আমন ধানের নাচন দেখে কৃষকদের মন আনন্দে ভরে উঠছে। কিছুদিনের মধ্যেই পাকা ধান কেটে মাড়াই-ঝাড়াই শেষে ঘরে তোলার অপেক্ষায় প্রহর গুনছেন কৃষকরা। তবে আগাম রোপনকৃত জমির ধান ইতোমধ্যেই অনেকে কৃষক ঘরে তোলে নিয়েছেন।

খবর নিয়ে জানা যায়, উপজেলার ১৩ ইউনিয়ন ও একটি পৌরসভার বেশির ভাগ আমন ক্ষেত এখন ফলে ভরা। পাকা-আধপাকা ধান মাঠে দোল দিচ্ছে। কৃষকরা জানিয়েছেন, এবার প্রতিটি ক্ষেতে আশানুরূপ ফলন দেখে সকলেই আশায় বুক বেঁধেছেন।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, আমনের এ মৌসুমে উপজেলায় ৮হাজার ৪শ’৬০ হেক্টর জমিতে ধান আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল। ধানের বাম্পার ফলনে মাঠ পর্যায়ে কৃষি কর্মকর্তাগণ কৃষকদের সাথে কাজ করেছেন।

চরমহল্লা ইউপির কৃষক নুর মিয়া, জাউয়াবাজার ইউপির কৃষক আবদুস সত্তার, কালারুকা ইউপির কৃষক মুজিবুর রহমানসহ একাধিক কৃষক জানান, আমন মৌসুমের শুরুর দিকে প্রাকৃতিক দুর্যোগ বন্যায় বীজতলা ও রোপনকৃত ধানের চারার ক্ষয়ক্ষতি হলেও বন্যা পরবর্তী তাৎক্ষণিক জমিতে চারা রোপন করতে পারায় যতোটুকু রোপন করেছি সেখানে বেশ ভালই ফসল উৎপাদন হয়েছে। যথাযথ পরিচর্যা ও সময়মত সার ব্যবহার করায় ফসল আশানুরূপ হয়েছে বলে কৃষকরা জানান।
উপজেলা কৃষি কর্মকর্তা কেএম বদরুল হক জানান, অধিক ফসল উৎপাদনে এখানের কৃষকরা কৃষি ক্ষেত্রে একাধিক প্রশিক্ষণ নিয়েছেন। কৃষকরা তাদের প্রশিক্ষণ ফসলের মাঠে কাজে লাগিয়েছেন বলেই ভালো ফসল উৎপাদন করা সম্ভব হয়েছে। এ মৌসুমে আমনের বাম্পার ফলন হয়েছে বলে তিনি জানান।