সিলেট নিউজ বিডি ডেক্সঃ বিদ্যুৎ উপকেন্দ্রে (ওয়াপদা) সৃষ্ট আগুন নিয়ন্ত্রণে এসেছে। এখন আর নতুন করে কোন ক্ষয়ক্ষতির আশংকা নেই। তবে ট্রান্সমিটারের ভিতরে থাকা তেলের কারণে এখনো ধোঁয়া উড়তে দেখা যাচ্ছে। এ বিষয়টি নিয়ে বিভিন্ন মহল সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তি ছড়াচ্ছেন। এর মাধ্যমে আতঙ্ক ছড়িয়ে পড়ছে। এটি না করার অনুরোধ জানিয়েছেন দমকল বাহিনীর কর্মকর্তারা।
ফেঞ্চুগঞ্জ উপজেলা ফায়ার সার্ভিসের টিম লিডার সাজ্জাদুর রহমান খালেদ জানিয়েছেন- বিদ্যুৎ কেন্দ্রে সৃষ্ট আগুন নিয়ন্ত্রণে আছে। ক্ষয়ক্ষতির আশঙ্কা নেই। কিন্তু একটি মহল ফেসবুকসহ বিভিন্ন অনলাইন মাধ্যমে বিভ্রান্তি ও আতঙ্ক ছড়াচ্ছে। যা কাম্য নয়। তিনি বলেন- ট্রান্সমিটারের ভিতরে ১০০ লিটার তেল থাকে। এগুলোর কারণে এখনও ধোঁয়া উড়ছে। কিছুসময় পর এটি বন্ধ হয়ে যাবে। ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে রয়েছেন।
এর আগে দীর্ঘ আড়াই ঘন্টার চেষ্টায় সিলেট থেকে দমকল বাহিনীর সদস্যরা গিয়ে সোমবার বেলা ২ টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন। এর আগে সোমবার সকাল সাড়ে ১০টার দিকে পূর্ব কচুয়াবহর এলাকার ১৩০/১৩২কেবি পাওয়ার ট্রান্সমিটার কেন্দ্রে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
ফেঞ্চুগঞ্জ বিদ্যুৎ উপকেন্দ্রের ইনচার্জ নিক্সন চন্দ্র দাস জানান, সকালে পাওয়ার ট্রান্সমিটারে ধোঁয়ার কুন্ডলী দেখে কর্তৃপক্ষকে জানান। পরে ফেঞ্চুগঞ্জ ফায়ার স্টেশন, সার কারখানা ফার স্টেশন দীর্ঘ সময় চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনতে না পারায় সিলেট ফায়ার স্টেশন থেকে দমকল কর্মীরা এসে আড়াই ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।
নিক্সন দাস জানান, তিনি অনুমান করছেন যান্ত্রিকত্রুটির কারণে এ আগুনের ঘটনা ঘটেছে। বিস্তারিত তদন্তের মাধ্যমে জানা যাবে। আগুনে কতটুকু ক্ষয়ক্ষতি হয়েছে তার পরিমাণ এখনও জানা যায়নি। নিরাপত্তার জন্য এখনও ফায়ার সার্ভিসের সদস্যরা ও ফেঞ্চুগঞ্জ থানা পুলিশ এলাকায় (পুর্ব কচুয়াবহর) অবস্থান করছেন এবং জনসাধারণের চলাচল নিয়ন্ত্রণ করছে।
Sylhetnewsbd Online News Paper