শ্রীলঙ্কাকে উড়িয়ে দিয়ে সিরিজ জিতল ভারত

সিলেট নিউজ বিডি ডেস্ক: বল হাতে জাদু দেখালেস স্পিনাররা, আর ব্যাট হাতে ঝলসে উঠলেন শিখর ধাওয়ান। তার অপরাজিত সেঞ্চুরিতে তৃতীয় ওয়ানডেতে শ্রীলঙ্কাকে ৮ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়ে সিরিজ জিতল ভারত।

প্রথম ওয়ানডেতে সফরকারীদের যে রুদ্ররূপ দেখা গিয়েছিল, আজ হঠাৎ খেই হারিয়ে ফেলল তারা। ধাওয়ান সেঞ্চুরি করলেও ম্যাচসেরা হয়েছেন চায়নাম্যান বোলার কুলদীপ যাদব। ঘূর্ণিবলে তিনিই তো লঙ্কানদের ইনিংস শেষ করে দিয়েছেন।
বিশাখাপত্তনমে টসে জিতে সফরকারীদের ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় রোহিত শর্মার ভারত। শুরুটা বেশ ভালোই হয়েছিল থিসারা পেরেরা বাহিনীর। দলীয় ১৫ রানে গুনাথিলাকার (১৩) উইকেট হারানোর পর ১২১ রানের দ্বিতীয় উইকেট জুটি উপহার দেন উপুল থারাঙ্গা এবং সামারাবিক্রমা। ৫৭ বলে ৪২ রান করা সামারাবিক্রমাকে যুজবেন্দ্র চাহাল আউট করলে ধস নামে লঙ্কান ব্যাটিং লাইনআপে।

মাত্র ৫ রানের জন্য সেঞ্চুরি মিস করেন থারাঙ্গা। তার ৮২ বলে ১২ চার ৩ ছক্কায় ৯৫ রানের ইনিংসটি শেষ হয় কুলদীপ যাদবের ঘূর্ণিতে মহেন্দ্র সিং ধোনির গ্লাভসবন্দি হয়ে।

এরপর আর প্রতিরোধ গড়তে পারেনি কেউ। দুইপ্রান্ত থেকে যাদব আর চাহালের যৌথ আক্রমণে দিশেহারা হয়ে পড়ে শ্রীলঙ্কা।
১০ ওভারে ৪২ রান দিয়ে ৩ উইকেট তুলে নেন যাদব। আর ১০ ওভারে ৩ মেডেনসহ ৪৬ রানে ৩ উইকেট নেন যুজবেন্দ্র চাহাল। অল-রাউন্ডার হার্দিক পাণ্ডিয়াও ২ উইকেট নিয়েছেন। লঙ্কানরা ৪৪.৫ ওভারে ২১৫ রানেই অল-আউট হয়ে যায়।

জবাবে উড়ন্ত সূচনা করেন শিখর ধাওয়ান আর রোহিত শর্মা। ভারপ্রাপ্ত ভারত অধিনায়ক অবশ্য মাত্র ৭ রানেই আকিলা ধনঞ্জয়ার শিকার হন। কিন্তু দানবীয় ব্যাটিং চালিয়ে যান ধাওয়ান। ৮৫ বলে ১৩ চার আর ২ ছক্কায় অপরাজিত ১০০ রান করে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন তিনি।

তিন নম্বরে নামা শ্রেয়াস আইয়ারের (৬৫) উইকেটটি ছিল লঙ্কানদের দ্বিতীয় তথা শেষ সাফল্য। দিনেশ কার্তিককে (২৬*) সঙ্গে নিয়ে ৮ উইকেটের জয়ের সাথে সিরিজটাও বাগিয়ে নেন ম্যান অব দ্য সিরিজ নির্বাচিত হওয়া ধাওয়ান।