আগামী নির্বাচন হবে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে: মওদুদ

সিলেট নিউজ বিডি ডেস্ক: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, বিগত সময়ে এ সরকারের ১৫৪ জন এমপি ভোট ছাড়াই এমপি নির্বাচিত হয়েছেন। দলীয় সরকারের অধীনে নির্বাচন হলে, নির্বাচন কমিশন সরকারের বিরুদ্ধে কোনো সিদ্ধান্ত নিতে পারবে না।

এ জন্য আগামী নির্বাচন হবে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ। শনিবার(৩০ডিসেম্বর) দুপুর ৩টায় নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে মওদুদ এসব কথা বলেন।

তিনি বলেন, আগামী নির্বাচনে আমাদের স্লোগান হবে ৬০টাকা দরে চাউল খাবো না, ১২০টাকা দরে পেয়াজ খাবো না, নৌকায় ভোট দিব না। ‘ বিদ্যুৎ প্রসঙ্গে তিনি বলেন, ‘সরকার ঘনঘন বিদ্যুতের দাম বাড়িয়ে জনগণকে ভোগান্তির সৃষ্টি করছে।

তিনি অভিযোগ করে বলেন, বাংলাদেশের প্রধান বিচারপতির পদ শূন্য, এক ঘণ্টার জন্যও এ পদ শূন্য রাখার বিধান নাই। প্রধান বিচারপতি ছাড়া সুপ্রিম কোর্ট চলছে।

এ সময় অন্যান্যদের মধ্য উপস্থিত ছিলেন, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি হাজী আবদুল হাই সেলিম, সাধারণ সম্পাদক নুরুল আলম সিকদার, পৌর বিএনপির সভাপতি কামাল উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান রিপন, সাধারণ সম্পাদক জাহিদুর রহমান রাজন প্রমুখ।