বিয়ানীবাজারে ট্রাক অটোরিক্সা মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল শাকিলের

সিলেট নিউজ বিডি ডেস্ক: আগামী শনিবার ফ্রান্স যাওয়ার কথা ছিল বড়লেখা উপজেলা উত্তর শাহবাজপুর ইউনিয়নের শ্রীধদরপুর গ্রামের কুটু মিয়ার পুত্র মুজিবুর রহমান শাকিল (২৮)। বুধবার(০৩জানুয়ারী) বিয়ানীবাজার-বারইগ্রাম সড়কের মোল্লাপুরের নাগেশ্বর এলাকায় ট্রাক অটোরিক্সা মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারান মুজিবুর রহমান শাকিল।

বুধবার ঢাকা থেকে বাড়ি ফেরার পথে মারা যান। রাতে ঢাকা থেকে সিলেট হয়ে বাড়ি ফিরছিলেন এ কিশোর। অটোরিক্সা যোগে বিয়ানীবাজার থেকে শাহবাজপুর ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে।

শাকিলের ফ্রান্স যাওয়ার বিষয়টি জানিয়ে মৃতদেহের পাশে থাকা তার আত্মীয় উজ্জল জানান, আগামী শনিবার ফ্রান্স যাওয়ার জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করে রেখেছিলো শাকিল। রাতে ঢাকা থেকে বাড়ি ফেরার কথা জানিয়ে সিলেটগামী বাসে উঠে। সকালে বাড়ি যাওয়ার পথে এখানে দুর্ঘটনায় সে মারা যায়।

বিয়ানীবাজার থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।

এ ঘটনায় অটোরিক্সা চালক আল আমিনসহ অপর এক যাত্রিকে আশংকাজনক অবস্থায় স্থানীয় উদ্ধার করে প্রথমে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে সিলেট পাঠানো হয়।

এদিকে অটোরিক্সাকে চাপা দিয়ে পালানোর সময় ঘাতক ট্রাকটিকে (ঢাকা মেট্টো ট, ১৬-৯৭৬৪) নিদনপুর এলাকায় স্থানীয়রা আটক করেন।

দুর্ঘটনায় খবর শুনে পরিবারের সদস্য ও আত্মীয় স্বজনরা ঘটনাস্থলে এসে উপস্থিত হলে এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়। স্থানীয় পরিবারের মহিলা সদস্যদের রক্তাক্ত লাশ দেখতে দেননি। পুরুষ সদস্যদের সাথে আলোচনা করে পুলিশ লাশ মর্গে প্রেরণ করে।