শুরু হচ্ছে কুলাউড়া-শাহবাজপুর রেল-লাইনের পুনর্বাসন কাজ

সিলেট নিউজ বিডি ডেস্কঃ কুলাউড়া-শাহবাজপুর রেল-লাইনের পুনর্বাসন কাজ জানুয়ারির শেষের দিকে শুরু হচ্ছে। শনিবার(১৩জানুয়ারী) বিকেলে কুলাউড়া-শাহবাজপুর রেললাইন পরিদর্শন শেষে স্থানীয় সাংবাদিকদের সাথে ব্রিফিংকালে এ তথ্য জানান বাংলাদেশ রেলওয়ের (পূর্বাঞ্চল) জিএম মো. আব্দুল হাই।

তিনি জানান, কুলাউড়া-শাহবাজপুর লাইনে ৫টি যাত্রীবাহী এবং মালবাহী ট্রেন চলবে। এসময় কুলাউড়া-শাহবাজপুর লাইনের প্রজেক্ট ডিরেক্টর(পিডি) তানভির উল ইসলাম উপস্থিত ছিলেন।

এক প্রশ্নের জবাবে রেলওয়ের জিএম জানান, মাস-তিনেকের মধ্যেই ৮৬ জন স্টেশন মাষ্টার নিয়োগ প্রক্রিয়াধিন রয়েছে। স্টেশন মাষ্টার নিয়োগ হলেই বন্ধ স্টেশনগুলো খুলে দেওয়া হবে।

সাংবাদিকদের তিনি আরো জানান, কুলাউড়া-শাহবাজপুর লাইন চালুর জন্য ভারতীয় প্রতিষ্ঠানের সঙ্গে বাংলাদেশ রেলওয়ে এবং ভারতের কালিন্দী রেল নির্মাণ (টেক্সমাকো রেল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিডেটের একটি বিভাগ)-এর সঙ্গে পুনর্বাসন চুক্তি সম্পন্ন হয়েছে। চুক্তি অনুযায়ী, ৫৪৪ কোটি ৮৬ লাখ ৭৭ হাজার ৬৪০ টাকা ব্যয়ে ৫২ দশমিক ৫৪ কিলোমিটার রেলপথ পুনর্বাসন করা হবে। আগামী ২ বছরের মধ্যে রেললাইনের পুনর্বাসনের কাজ শেষ হবে।

তিনি জানান, রেলওয়ের ৪৪ দশমিক ৭৭ কিলোমিটার মেইনলাইন ও ৭ দশমিক ৭৭ কিলোমিটার লুপ লাইন পুনর্বাসন করা হবে। ছয়টি স্টেশন (চারটির ক্লাস-বি, দুটির ক্লাস-ডি) হবে- জুড়ী, দক্ষিণবাগ, কাঁঠালতলী, বড়লেখা, মুড়াউল ও শাহবাজপুর। ১৭টি বড় সেতু ও ৪২টি ছোট সেতু বা বক্স কালভার্ট নির্মাণ করা হবে। বাংলাদেশ রেলওয়ের কুলাউড়া-শাজবাজপুর সেকশন পুনর্বাসন প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ৬৭৮ কোটি ৫০ লাখ ৭৯ হাজার টাকা। এর মধ্যে বাংলাদেশ সরকার দেবে ১২২ কোটি ৫২ লাখ ৩ হাজার টাকা, ভারতীয় লাইন অব ক্রেডিটের (এলওসি) মাধ্যমে সংস্থান হবে ৫৫৫ কোটি ৯৮ লাখ ৭৯ হাজার টাকা।

উল্লেখ্য, ১৮৯৬ সালের ৪ ডিসেম্বর রেলওয়ের কুলাউড়া-শাজবাজপুর সেকশন চালু করা হয়। ভারত-বাংলাদেশের যোগাযোগের জন্য গুরুত্বপূর্ণ ছিল এই পথটি। ১৯৫৮-৬০ সালে এই রেলপথটি পুনর্বাসন করা হয়। ২০০২ সালের ৭ জুলাই কুলাউড়া-শাজবাজপুর রেলপথ বন্ধ হয়ে যায়।