খালেদার রায়: পাল্টাপাল্টি হুঁশিয়ারি, মাঠে গোয়েন্দা

সিলেট নিউজ বিডি ডেস্ক: বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দুর্নীতি মামলার রায়কে গিয়ে আওয়ামী লীগ ও বিএনপির নেতারা একে অপরকে পাল্টাপাল্টি হুশিয়ারি দিয়ে যাচ্ছেন। এছাড়াও রায়কে কেন্দ্র করে দেশে যাতে অপ্রীতিকর কোন পরিস্থিতি সৃস্টি না হতে পারে সেই জন্য সর্তক রয়েছে আইন-শৃঙ্খলা বাহিনী। এছাড়াও ইতোমধ্যে সাদা পোশাকে গোয়েন্দাদের মাঠে নামানো হয়েছে।

জানা গেছে, আগামী ৮ ফেব্রুয়ারি জিয়া এতিমখানা ট্রাস্ট দুর্নীতি মামলার রায় ঘোষণা করবে ঢাকার পঞ্চম জজ আদালত। বিএনপি-জামায়াত জোটের ২০০১-২০০৬ মেয়াদের সরকারের প্রধানমন্ত্রী খালেদা জিয়া দুই কোটি ১০ লাখ টাকা আত্মসাতের এ মামলার প্রধান আসামি। অভিযোগ প্রমাণিত হলে এ মামলায় খালেদা জিয়ার সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে। সেক্ষেত্রে তিনি আগামী নির্বাচনে অংশ নেওয়ার অযোগ্য হয়ে পড়বেন।

বিএনপি অভিযোগ করে আসছে, ক্ষমতাসীনরা রাজনৈতিক প্রতিহিংসা থেকে ‘অন্তঃসারশূন্য’ এই মামলাকে এ পর্যন্ত নিয়ে এসেছে। মির্জা ফখরুল বৃহস্পতিবারও বলেছেন, তাদের চেয়ারপারসনকে সাজা দেওয়ার বিষয়টি সরকার ‘আগেই ঠিক করে রেখেছে’।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, তাদের চেয়ারপারসনের মামলায় ‘নেতিবাচক’ কোনো রায় হলে তার পরিণতি ‘ভয়াবহ’ হবে।

অন্যদিকে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ বলেছেন, খালেদা জিয়ার মামলার রায় নিয়ে দেশে আবার কোনো জ্বালাও-পোড়াও হলে তাতে বিএনপিই পুড়ে ‘ছারখার হয়ে যাবে’।

হুঁশিয়ারি এসেছে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের দিক থেকেও। তিনি বলেছেন, রায় ঘিরে কেউ ‘বিশৃঙ্খলা বা ধংসাত্মক কার্যকলাপের’ চেষ্টা করলে আইনশৃঙ্খলা বাহিনী ‘প্রয়োজনীয় ব্যবস্থা’ নেবে।

এর প্রতিবাদে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রায়ের পরের পরিস্থিতি কী হবে- তা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর ওই বক্তব্য ‘সঙ্গত নয়’।

পাল্টাপাল্টি এই বক্তব্যের মধ্যেই শনিবার রাতে বিএনপির স্থায়ী কমিটির সদস্যদের নিয়ে জরুরি বৈঠকে বসছেন বিএনপি নেত্রী খালেদা জিয়া।

এদিকে, খালেদা জিয়ার রায়কে ঘিরে আন্দোলনের নামে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তা কঠোর হাতে দমন করা হবে বলে জানিয়েছে পুলিশ। এ লক্ষ্যে সারাদেশে মাঠ পর্যায়ে কাজ করছেন গোয়েন্দারা। তাদের দেওয়া রিপোর্টের ভিত্তিতে অবস্থা অনুযায়ী ব্যবস্থা নেবে পুলিশ।

এদিকে,স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন শুক্রবার (২৬ জানুয়ারি) রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে আয়োজিত এক অনুষ্ঠানে হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘মামলার রায়কে ঘিরে কোনও ধরনের বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আইন সবার জন্য সমান। অপরাধ যে-ই করুক না কেন, তার শাস্তি হবে। আমাদের নিরাপত্তা বাহিনীকে আগের নিরাপত্তা বাহিনীর সঙ্গে তুলনা করা চলবে না। তারা জনগণের বন্ধু, তারা পেশাদার পুলিশ। কাজেই বিশৃঙ্খলা কিংবা ধ্বংসাত্মক কিছু ঘটলে আমাদের নিরাপত্তা বাহিনী ব্যবস্থা নেবে।’