সিলেট নিউজ বিডি ডেস্ক: বাঙালির প্রাণের উৎসব অমর একুশে গ্রন্থমেলা ২০১৮। বৃহস্পতিবার( ০১ ফেব্রুয়ারি) বিকাল তিনটায় বাংলা একাডেমি চত্বরে এ মেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
অন্যান্যবারের মতো এবারও ফেব্রুয়ারির প্রথম দিন থেকেই বাংলা একাডেমি প্রাঙ্গণ ও সোহরাওয়ার্দী উদ্যানে শুরু হচ্ছে বাংলা ভাষা ও সাহিত্যের চর্চা, বিকাশ, বাঙালি সাংস্কৃতির অসাম্প্রদায়িক ধারায় অনন্য সংযোজন গ্রন্থমেলা। বিকাল থেকে ভাষা-সংগ্রামের প্রেরণায় উজ্জীবিত এই মেলা মুখর হয়ে উঠবে লেখক-প্রকাশক-পাঠকের পদচারণায়।
বাঙালি জাতিসত্তা ও বুদ্ধিবৃত্তিক উৎকর্ষের প্রতীক বাংলা একাডেমির আয়োজনে মেলায় অংশ নেবে দেশের প্রায় সব প্রকাশনা প্রতিষ্ঠান। বই প্রকাশ, প্রদর্শনী ও বেচা-কেনার এক বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে চলবে মাসব্যাপী এ বইমেলা। চিন্তাশীল পাঠক থেকে শুরু করে সাহিত্য প্রেমী, ফিকশন প্রেমী, বা শিশুতোষ গ্রন্থপ্রেমিক সবার প্রাণের খোরাক জোগায় অমর একুশে গ্রন্থমেলা।
বিকালে গ্রন্থমেলার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। সভাপতিত্ব করবেন বাংলা একাডেমির সভাপতি ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান। স্বাগত ভাষণ দেবেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক শামসুজ্জামান খান।
প্রতিবারের ন্যায় এবারও ২২-২৩ ফেব্রুয়ারি আন্তর্জাতিক সাহিত্য সম্মেলনের আয়োজন করা হয়েছে। সম্মেলনে স্বাগতিক বাংলাদেশসহ ফ্রান্স, স্পেন, নেপাল, শ্রীলঙ্কা, ভারতসহ ৮টি দেশের ১৫ জন কবি-লেখক-বুদ্ধিজীবী অংশগ্রহণ করবেন।
প্রতিবছরের মতো এ বছরও মেলায় থাকবে বেশকিছু সংস্থা ও প্রকাশনার স্টল। মেলা আয়োজনে ইতোমধ্যে সব ধরণের প্রস্তুতি শেষ হয়েছে। মেলার সবগুলো স্টল এখন দৃশ্যমান। প্রায় অধিকাংশ স্টলে বইয়ে সাজানো হয়েছে।
মেলা কমিটির তথ্য অনুযায়ী, বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যোনে মোট ৪৫৫টি প্রতিষ্ঠানকে ৭১৯টি ইউনিট বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে বাংলা একাডেমি প্রাঙ্গণে ৯২টি প্রতিষ্ঠানকে ১৩৬টি ইউনিট এবং সোহরাওয়ার্দী উদ্যান অংশে ৩৬৩টি প্রতিষ্ঠানকে ৫৮৩টি ইউনিটের স্টল বরাদ্দ দেওয়া হয়েছে। আর বাংলা একাডেমিসহ ২৪টি প্রকাশনা প্রতিষ্ঠানকে বরাদ্দ দেওয়া হয়েছে মোট ১৫ হাজার ৫৩৬ বর্গফুট আয়তনের ২৫টি প্যাভিলিয়ন। এর বাইরে লিটল ম্যাগাজিন কর্নারে ১৩৬টি লিটল ম্যাগাজিনকে স্টল বরাদ্দ দেওয়া হয়েছে।
ক্ষুদ্র প্রকাশনা সংস্থা এবং ব্যক্তি উদ্যোগে যারা বই প্রকাশ করেছেন তাদের বই বিক্রি/প্রদর্শনের ব্যবস্থা থাকবে জাতীয় গ্রন্থকেন্দ্রের স্টলে। বইমেলায় বাংলা একাডেমিসহ সকল প্রকাশনা প্রতিষ্ঠান ২৫ শতাংশ ছাড়ে বই বিক্রি করবে।
বইমেলার প্রবেশ ও বাহিরপথে পর্যাপ্ত সংখ্যক আর্চওয়ের ব্যবস্থা করা হয়েছে। মেলার সার্বিক নিরাপত্তার দায়িত্ব পালন করবে বাংলাদেশ পুলিশ, র্যা ব, আনসার, বিজিবি ও গোয়েন্দা সংস্থারসমূহের নিরাপত্তাকর্মীরা। নিশ্ছিদ্র নিরাপত্তার জন্য মেলা এলাকাজুড়ে অনেক ক্লোজসার্কিট ক্যামেরার ব্যবস্থা করা হয়েছে।মেলা প্রাঙ্গণ ও পার্শ্ববর্তী এলাকায় নিরাপত্তার জন্য পর্যাপ্ত আলোর ব্যবস্থা রাখা হয়েছে।
Sylhetnewsbd Online News Paper