খালেদা জিয়ার সাজার ২দিন পর এ কী বললেন পার্থ!

সিলেট নিউজ বিডি ডেস্ক: জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাজা হওয়ার দুই দিন পর ফেসবুকে প্রতিক্রিয়া জানিয়ে স্ট্যাটাস দিয়েছেন বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি)’র চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ।

নিজের ভেরিফাইড পেইজে দেয়া ওই স্ট্যাটাসে তিনি লেখেন, টিভির পর্দাতে অনেক আওয়ামী সাংবাদিক আর বুদ্ধিজীবী এই মামলা আর রায়ের যথার্থতার ব্যাপারে অনেক যুক্তি দেয়ার চেষ্টা করছে…। আমি শুধু এতটুকু বলব, যে কোন মামলাতে যদি বিন্দু পরিমাণ রাজনৈতিক প্রভাব থাকে তাহলে সেই মামলা…সকল কার্যক্রম এবং রায় সবই বেআইনি এবং ন্যায়বিচার পরিপন্থী…।

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে করা এই মামলা কি এক শতাংশ না একশ শতাংশ রাজনৈতিক তার বিচারের ভার বাংলাদেশের জনগণের…।

এই মামলাতে কতখানি রাজনৈতিক প্রভাব আছে তা বিভিন্ন মন্ত্রীর আগাম বক্তব্য আর কারাগারের সাজসজ্জা দেখলেই বোঝা যায়। সরকারের মুখে আইনের শাসনের কথা শুনলে সিনহা সাহেবের ভেগে যাবার কথা মনে পরে…।

তিনি আরো লেখেন, এত উঁচু মাপের রাজনীতিবিদদের রাজনৈতিক ভবিষ্যৎ আদালতের কলমের খোঁচা কিংবা কোন নির্বাহী আদেশ নির্ধারণ করে না…… আল্লাহ তালা নির্ধারণ করবে জনগণের মাধ্যমে সঠিক সময়ে। ধিক্কার এই রায়কে…।

উল্লেখ্য, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৫বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

এ মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ১০ বছর কারাদণ্ড প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) বেলা আড়াইটার দিকে এ রায় ঘোষণা করেন মামলার বিচারক ঢাকার পঞ্চম বিশেষ জজ মো. আখতারুজ্জামান।

মামলার অন্যান্য ৫ আসামীকেও ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

সাজা প্রাপ্ত অন্য আসামীরা হলেন- সাবেক সাংসদ ও ব্যবসায়ী কাজী সালিমুল হক কামাল, সাবেক মুখ্যসচিব কামাল উদ্দিন সিদ্দিকী, ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ ও জিয়াউর রহমানের বোনের ছেলে মমিনুর রহমান। মামলায় শুরু থেকে পলাতক আছেন তারেক রহমান, কামাল উদ্দিন সিদ্দিকী ও মমিনুর রহমান। রায়ে প্রত্যেকের ২কোটি ১০লক্ষ ৭১ হাজার টাকা সমপরিমান জরিমানাও ধার্য করা হয়েছে।

এ রায় নিয়ে বিভিন্ন দলের রাজনীতিবিদ, পেশাজীবী, ব্যবসায়ী, বুদ্ধিজীবীরা নানান মন্তব্য করলেও পার্থ ছিলেন নিরব। এর আগে সরকারের অন্যায় দুর্নীতি, সামাজিক বৈসম্য নিয়ে বিভন্ন সময় সরব থাকতে দেখা গেছে তরুণ এই রাজনীতিককে।