৩ দিনের কর্মসূচি দিলো বিএনপি

সিলেট নিউজ বিডি ডেস্ক: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ৫বছর ও ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের ১০ বছর কারাদণ্ডের প্রতিবাদে অনশনসহ তিন দিনের নতুন কর্মসূচি ঘোষণা করেছে দলটি।

শনিবার(১০ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী এ কর্মসূচির ঘোষণা দেন।

কর্মসূচির মধ্যে রয়েছে- সোমবার সারাদেশে সুবিধা অনুযায়ী এক ঘণ্টার মানব্বন্ধন, পরের দিন মঙ্গলবার সারাদেশে অবস্থান ধর্মঘট এবং বুধবার সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত অনশন।

এসময় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার এবং তাদের নিঃশর্ত মুক্তির দাবিতে এই কর্মসূচি দেয়া হয়েছে বলে জানান রিজভী।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আতাউর রহমান ঢালী, ফরহাদ হালিম ডোনার, সহ-দফতর সম্পাদক বেলাল আহমেদ, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল কবির লাবু, নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক আমিনুল ইসলাম প্রমুখ।

উল্লেখ্য,জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৫ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

এ মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ১০ বছর কারাদণ্ড প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার(৮ ফেব্রুয়ারি) বেলা আড়াইটার দিকে এ রায় ঘোষণা করেন মামলার বিচারক ঢাকার পঞ্চম বিশেষ জজ মো. আখতারুজ্জামান।

মামলার অন্যান্য ৫ আসামীকেও ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

সাজা প্রাপ্ত অন্য আসামীরা হলেন- সাবেক সাংসদ ও ব্যবসায়ী কাজী সালিমুল হক কামাল, সাবেক মুখ্যসচিব কামাল উদ্দিন সিদ্দিকী, ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ ও জিয়াউর রহমানের বোনের ছেলে মমিনুর রহমান। মামলায় শুরু থেকে পলাতক আছেন তারেক রহমান, কামাল উদ্দিন সিদ্দিকী ও মমিনুর রহমান।

রায়ে ২কোটি ১০লক্ষ ৭১ হাজার টাকা সমপরিমান জরিমানাও ধার্য করা হয়েছে।