খালেদা ছাড়া নির্বাচন জনগণ মানবে না : রিজভী

সিলেট নিউজ বিডি ডেস্ক: অন্যায়ভাবে বিএনপি চেয়ারপারসনকে বন্দী করে একটা হীন পরিকল্পনা বাস্তবায়নে নানা কারসাজি করতে সরকার একের পর নাটকীয়তা করে যাচ্ছে বলে অভিযোগ করেছেন রুহুল কবির রিজভী।

বিএনপির এই সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, নির্বাচন থেকে দূরে রাখতে যত অপকৌশলই সরকার করুক না কেন আগামী জাতীয় নির্বাচন থেকে বেগম খালেদা জিয়াকে দুরে রাখা যাবে না।

বৃহস্পতিবার বিকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মলনে রিজভী আহমেদ এসব কথা বলেন।

রিজভী আরও বলেন, বেগম খালেদা জিয়া বিহীন নির্বাচন দেশে-বিদেশে গ্রহণযোগ্যতা পাবে না এবং দেশের জনগণ তা মেনেও নেবে না। খালেদা জিয়াকে নির্বাচন থেকে মাইনাস করার অপচেষ্টা করা হচ্ছে। এটা জনগণের কাছে পরিষ্কার হয়ে গেছে। মিথ্যা এবং ষড়যন্ত্রমূলক মামলা দিয়ে বিএনপি চেয়ারপারসন তথা জাতীয়তাবাদী শক্তিকে রুদ্ধ করা যাবে না।

রিজভী বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হলে আওয়ামী লীগের ব্যাপক ভরাডুবি হবে ভেবেই মিথ্যা মামলা দিয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে সাজা প্রদান করা হয়েছে। প্রহসনের সাজানো মামলা বন্দী করা হয়েছে বেগম খালেদা জিয়াকে।

এদিকে দলীয় প্রধান বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে সমাবেশের অনুমতি না দেয়ায় রাজধানীতে ‘কালো পতাকা প্রদর্শনের’ ঘোষণা দিয়েছে বিএনপি। তবে নতুন এই কর্মসূচি সারাদেশে পালিত হবে। আগে শুধু রাজধানীতে পালনের কথা ছিল।

কর্মসূচিতে সংশোধনী আনার বিষয়ে রিজভী বলেন, আমরা মনে করছি কালো পতাকা মিছিলের চেয়ে কালো পতাকা প্রদর্শনের কর্মসূচির ব্যাপকতা আরও বেশি হবে। কর্মসূচি সংশোধনী আনার ফলে এতে বেশি মাত্রায় সাধারণ মানুষ সম্পৃক্ত হওয়ার সুযোগ পাবে। যে কেউ যেকোনো জায়গা থেকে এই কালো পতাকা প্রদর্শন করতে পারবে।